ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বার্দো আর নেই। রোববার তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছে তারই প্রতিষ্ঠিত ফাউন্ডেশন। তবে এ কিংবদন্তির মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
এএফপিকে পাঠানো এক বিবৃতিতে ফাউন্ডেশন জানিয়েছে, ব্রিজিত বার্দো ফাউন্ডেশন গভীর শোকের সঙ্গে তাদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশ্বখ্যাত অভিনেত্রী ও গায়িকা ম্যাডাম ব্রিজিত বার্দোর মৃত্যুর সংবাদ জানাচ্ছে। তিনি তার গৌরবময় কর্মজীবন ত্যাগ করে সমস্ত সময় ও শক্তি পশু কল্যাণ এবং তার ফাউন্ডেশনের কাজে উৎসর্গ করেছিলেন।
১৯৩৪ সালের ২৮ সেপ্টেম্বর প্যারিসে জন্ম নেয়া বার্দো বেড়ে ওঠেন এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে। শৈশবের কথা স্মরণ করে তিনি এক সময় নিজেকে ‘লাজুক, চশমাপরা ও রুক্ষ চুলের’ মেয়ে হিসেবে বর্ণনা করেছিলেন। তবে ১৫ বছর বয়সেই তিনি ইলে ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেন, যা তার মডেলিং ও চলচ্চিত্র জীবনের সূচনা করে।
১৯৫৬ সালে 'অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান' ছবিতে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান বার্দো। এরপর আরো প্রায় ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। তবে তার অভিনীত শেষ ছবি 'দ্য এডিফাইং অ্যান্ড জয়াস স্টোরি অব কলিনো'র শুটিং সেটে একটি ছাগলকে জবাই হওয়া থেকে বাঁচান এবং সেটিকে কিনে নিজের হোটেল কক্ষে রেখে দেন।
এ ঘটনার পরই চলচ্চিত্র থেকে অবসর নেন তিনি। এ সময়টাতে স্থায়ীভাবে রিভিয়েরা উপকূলের রিসোর্ট শহর সাঁ-ত্রোপেজে বসবাস শুরু করেন ব্রিজিত। নিজেকে উৎসর্গ করেন প্রাণী অধিকার আদায়ের লড়াই ও তার ফাউন্ডেশনের কাজে।
সাম্প্রতিক মাসগুলোয় বার্দোকে খুব কমই জনসমক্ষে দেখা গেছে। চলতি বছরের অক্টোবরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং নভেম্বরে এক বিবৃতিতে নিজের মৃত্যুর গুজব অস্বীকার করেন।










