গায়ক, সংগীত পরিচালক, অভিনেতা—হিমেশ রেশামিয়ার অনেকগুলো পরিচয়। একটা সময় তিনি ছিলেন বলিউডে জনপ্রিয়তার শীর্ষে। গান গেয়েছেন, সংগীত পরিচালনাও করেছেন। কিন্তু একটা সময় তাকে নিয়ে তৈরি হয় সমালোচনা। অনেকটা হাসির পাত্রেই পরিণত হয়েছিলেন। এর অন্যতম কারণ তার গান একঘেয়ে হয়ে ওঠা। এরপর অভিনয়ে গিয়ে আরো হাসি তামাশার পাত্র হন। তবে আবারো অভিনয় করছেন তিনি এবং তার আসন্ন সিনেমাটি মুক্তির আগেই আয় করতে শুরু করেছে।

হিমেশের নতুন সিনেমার নাম ‘ব্যাডঅ্যাস রবি কুমার’। এটি মুক্তি পাবে আগামী ৭ ফেব্রুয়ারি। কিন্তু মুক্তির আগেই এ সিনেমা ২০ কোটি রুপি আয় করে ফেলেছে। মূলত বাণিজ্যের বিষয়গুলো গুরুত্ব দিয়ে কৌশলী পরিকল্পনার মাধ্যমে এগোনোর কারণে এটি আয় করতে পারছে। তাই ২০ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি এরই মধ্যে খরচ তুলে নিয়েছে।

তার মানে হিমেশের এ সিনেমা থেকে নির্মাতাদের কোনো ক্ষতি হচ্ছে না। মুক্তির পর যা আয় করবে, তা লাভের খাতায় যোগ হবে। মূলত সিনেমাটির সংগীত স্বত্ব এর মুক্তির আগেই বিক্রি হয়ে গেছে। এছাড়া এ সিনেমা ওমান থেকে ভর্তুকি পেয়েছে। এটি শুট করা হয়েছে ওমানে। ওমান সরকারের তরফ থেকে ৪ কোটি রুপি দেয়া হয়েছে ভর্তুকি।

এদিকে এ সিনেমার সংগীত স্বত্ব বিক্রি করে পাওয়া গেছে ১৬ কোটি রুপি। কেবল সংগীত নয়, এর সঙ্গে আছে সংলাপ, আবহসংগীত, ব্যাকগ্রাউন্ড স্কোর। ফলে সিনেমার খরচ তুলে ফেলেছেন হিমেশরা। আবার সিনেমার স্যাটেলাইট ও ডিজিটাল স্বত্ব থেকে আরো ৪ কোটি রুপি আশা করছেন নির্মাতারা।

সূত্র ও ছবি: বলিউড হাঙ্গামা