বাংলাদেশের কিংবদন্তি নায়িকা শবনম। দীর্ঘ প্রায় ২৫ বছর নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। সর্বশেষ শবনমকে ১৯৯৯ সালের ২৫ জুন মুক্তিপ্রাপ্ত কাজী হায়াত পরিচালিত ‘আম্মাজান’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। একই সময় সিনেমায় অভিষেক হয় বাংলাদেশের পূর্ণিমার। শবনমের সঙ্গে তার অভিনয় করা না হলেও তাদের মধ্যে একটা হার্দিক সম্পর্ক আছে।

সম্প্রতি তাদের দেখা হলো আবারো এবং আড্ডায় মাতলেন দুই প্রজন্মের দুই নায়িকা। এরপর পূর্ণিমাকে পাশে বসিয়ে একটু একটু করে গল্পে মেতে ওঠেন শবনম। পূর্ণিমার প্রশংসা করে শবনম বলেন, ‘পূর্ণিমা ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। তার মিষ্টি হাসি আর বিনয় আমাকে মুগ্ধ করে। অবশ্যই তার অভিনয়ও আমার ভালো লাগে। হঠাৎ করেই আমার বাসায় তার উপস্থিতি আমাকে সত্যিই ভীষণ বিস্মিত করেছে। খুব ভালো লেগেছে পূর্ণিমার সঙ্গে গল্প করে, সময় কাটিয়ে। আমি তার জন্য সবসময়ই অনেক দোয়া করি।’

পূর্ণিমা বলেন, ‘বলা যায়, এটা আমার একটা অপূর্ণতা যে আমি শবনম ম্যাডামের সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে পারিনি। তবে এটা আমার ভীষণ ভালো লাগা যে তিনি আমাকে খুব স্নেহ করেন, আদর করেন। তিনি আমার অভিনয়ের প্রশংসা করেন। তার মতো এত বড় মাপের যাকে আমরা মহীরূহ বলি, সেই তিনি যখন আমার অভিনয়ের প্রশংসা করেন তখন আসলে কী বলব বুঝে উঠতে পারি না।’

শবনমের প্রতি মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি তো মনে করি, আমার অভিনয় তার ভালো লাগার বিষয়টা এক জীবনের অনেক বড় প্রাপ্তি। দোয়া করি, ম্যাডাম সুস্থ থাকুন ভালো থাকুন।’