এবারো তার ব্যতিক্রম হয়নি। নতুন নাটক ‘কসম’ নিয়ে এ জুটি আবারো উঠে এসেছে আলোচনায়।
নাটকের গল্পে দেখা যায়, জোভান ও তটিনী প্রেমিক-প্রেমিকা। প্রেমিকার জীবন বাঁচাতে প্রেমিক একটি কঠিন কসম করে। সেই কসম থেকেই তৈরি হয় এক অপ্রত্যাশিত পরিস্থিতি। গল্প এগোতে থাকে আবেগ আর টানাপড়েনে। শেষদিকে এসে ক্লাইম্যাক্স হয়ে ওঠে চরম।
সিএমভির ব্যানারে নির্মিত ‘কসম’ পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। চিত্রনাট্যও তারই লেখা। জাহিদুল ইসলাম সুজন বলেন, ‘গল্পটির মধ্যে অনেক বাঁক রাখার চেষ্টা করেছি। যেখানে দর্শকদের সামনে উঠে এসেছে প্রেম ও পরিবারের জটিল সমীকরণ। সেজন্যই হয়তো দর্শক-সমালোচকদের পক্ষ থেকে দারুণ সাড়া পাচ্ছি।’
গত ৩ এপ্রিল সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। প্রকাশের মাত্র ছয়দিনের মধ্যেই এর ভিউ ছাড়িয়েছে ৬০ লাখ, যা প্রমাণ করে দর্শকদের আগ্রহ কতটা।
অভিনেতা জোভান বলেন, ‘তটিনী ও আমি এর আগে একাধিক নাটকে কাজ করেছি। কিন্তু ‘কসম’-এর গল্পের গভীরতা এবং চরিত্রের মানসিক দ্বন্দ্ব অনেক আলাদা। এটি এমন একটি নাটক, যা দেখার পর দর্শক নিজেদের সঙ্গে পুরোপুরি মেলাতে পারবে না।’
অন্যদিকে তটিনী বলেন, ‘নাটকটি অভিনয়ের দিক থেকে চ্যালেঞ্জিং ছিল। বিশেষ করে শেষ অংশের আবেগ ফুটিয়ে তোলা কঠিন ছিল।’
সব মিলিয়ে ‘কসম’ হয়ে উঠেছে প্রেম, প্রতিশ্রুতি আর আবেগের এক ভিন্নধর্মী উপস্থাপন, যা এরই মধ্যে দর্শকমনে জায়গা করে নিয়েছে।










