নভেল করোনাভাইরাসের এ লকডাউনের মধ্যে কারিশমা কাপুর তার পরিবারের সঙ্গে সময় দিচ্ছেন। তিনি তার ইনস্টাগ্রাম পেজে সবাইকে ঘরে থাকার অনুরোধ করে পোস্টও দিয়েছেন। এর আগে ভোগ ইন্ডিয়ার সঙ্গে কথোপকথনের সময় কারিশমা তার লকডাউন কার্যক্রম প্রকাশ করে বলেছিলেন, ‘পরিবারের সঙ্গে সময় কাটানো এবং হালকা ব্যায়াম করা ছাড়াও আমি কিছু পুরনো বই পড়ছি, যেগুলো অনেক দিন ধরেই বাসায় পড়ে ছিল’।

সামাজিক দূরত্ব নিয়ে কারিশমা বলেন, ‘বিশ্বজুড়ে একটি কঠিন সময় চলছে। তবে আমি এর মধ্যে ইতিবাচক দিকটি দেখার চেষ্টা করছি। লকডাউন শুরু হওয়ার আগে দুই মাস ধরে আমি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তাই পরিবারের সঙ্গে বাড়িতে সময় কাটানো আমার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। আপনার হয়তো বাসায় থাকতে বিরক্ত লাগছে, কিন্তু এটি মনে রাখবেন যে বাসায় থেকে আপনি একটি ভালো কাজ করছেন। মন খারাপ করবেন না’।

তিনি আরো বলেন যে দিনের বেশির ভাগ সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে দূরে থাকেন। পড়া শুরু করার বিষয়ে কারিশমা বলেন, ‘সত্যি বলতে আমি পড়ার জন্য বেশি সময় পাই না, তাই আমি লকডাউনটি পড়ার জন্য ব্যবহার করার চেষ্টা করছি। আমাদের অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। বর্তমান পরিস্থিতিতে কাজটি কঠিন, তবে আমাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে হবে।’

 

সূত্র: ডিএনএ