চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়- এমন কোনো সিদ্ধান্তের তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান। সম্প্রতি এ দাবি সম্বলিত একটি ফটোকার্ড ভাইরাল হওয়া প্রসঙ্গে এ কথা বলেন তিনি।
আব্দুর রহমান আজ ফেসবুকে লেখেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এর পক্ষ থেকে জানানো যাচ্ছে, “চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়” শিরোনামের একটি সংবাদ ও ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় ব্যাখ্যা প্রদান প্রয়োজন মনে করছি।’
তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি তথ্য ভবনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আয়োজিত‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে আইনের বাস্তবায়ন: সংশ্লিষ্টদের করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় অংশগ্রহণকারী কোন একজন বক্তা তার ব্যক্তিগত মতামত হিসেবে বিষয়টি উপস্থাপন করেছিলেন। সভায় মূলত তামাক নিয়ন্ত্রণ আইন যথাযথ বাস্তবায়ন, চলচ্চিত্র, নাটক ও ওটিটি কনটেন্টে ধূমপানের দৃশ্য প্রদর্শন নিরুৎসাহিতকরণ এবং শিশু-কিশোরদের সুরক্ষায় করণীয় বিষয়ে মতবিনিময় হয়।
আব্দুর রহমান লেখেন, ‘স্পষ্টভাবে জানানো যাচ্ছে যে, “ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার প্রদান করা হবে না” এ ধরনের কোনো সিদ্ধান্ত সভায় গৃহীত হয়নি। এবং এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ারও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নেই।’
‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নির্দিষ্ট আইন ও বিধি দ্বারা গঠিত ও পরিচালিত হয়। এ সংস্থা তার গাইডলাইনের বাইরে যাওয়ার ক্ষমতা বা সুযোগ রাখে না।’










