অভিনেতা ব্র্যাড পিটের নাম ভাঙিয়ে প্রতারণা করেছেন এক ব্যক্তি। নিজেকে ব্র্যাড পিট পরিচয় দিয়ে হাতিয়ে নিয়েছেন প্রায় সাড়ে ৮ লাখ ডলার। মূলত এক ফরাসি নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে অর্থ নিয়েছে সে। বিষয়টিকে ‘ভয়ংকর’ বলে মন্তব্য করেছেন পিট। তার মতে, এভাবে ভক্ত আর জনপ্রিয় ব্যক্তির সম্পর্ক নিয়ে প্রতারণা করার মতো খারাপ কাজ হয় না।
সম্প্রতি ‘ই! নিউজ’কে এ বিষয়ে অবহিত করেছেন ব্র্যাড পিট। তিনি নিজে কথা বলেননি, তবে তার পক্ষ থেকে একজন মুখপাত্র বলেছেন, ‘সেলিব্রিটি ও তার ভক্তের মধ্যকার সম্পর্ক নিয়ে এমন প্রতারণার বিষয়টা ভয়ংকর। এর সঙ্গে বোঝা দরকার, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ব্যক্তির কোনো উপস্থিতি বা কর্মকাণ্ড নেই, তার নাম নিয়ে কেউ কোনো কথা বললে তা এড়িয়ে যাওয়াই উচিত।’
ফরাসি এক অন্দরসজ্জা বিশেষজ্ঞ অ্যান দাবি করেন, একজন ব্র্যাড পিট সেজে তার সঙ্গে প্রতারণা করেছেন। অ্যান জানান, তিনি ধারণা করেছিলেন, এক বছর ধরে অনলাইনে তিনি ব্র্যাড পিটের সঙ্গে যুক্ত ছিলেন। তারা পরস্পরের প্রেমে পড়েছিলেন। একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে লোকটি তার সঙ্গে যুক্ত ছিল।
পরবর্তী সময়ে অ্যান বুঝতে পারেন, লোকটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছবি তৈরি করেছেন, যাতে তাকে দেখতে ব্র্যাড পিটের মতো মনে হয়। এরপর সেসব ব্যবহার করে বিশ্বাস তৈরি করেন অ্যানের মনে। এমনকি একটি পাসপোর্ট কপিও সে তৈরি করেছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান










