নাটক সিনেমার নতুন নায়ক নায়িকা কিংবা অভিনয়শিল্পীর সংকট কাটাতে বিভিন্ন সময় সরকারি ও বেসরকারিভাবে নানা পদক্ষেপ নেয়া হয়। তার মধ্যে কিছু পদক্ষেপ ফলপ্রসূ, আবার কিছু শুরু হলেও পরে আর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। তবে এ কথা অস্বীকার করার উপায় নেই যে এসব পদক্ষেপের মাধ্যমে জনপ্রিয় অনেক শিল্পী ঢাকাই চলচ্চিত্রে এসেছেন ‘নতুন মুখের সন্ধানে’ নামে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে। এবার দীপ্ত টিভিতে শুরু হচ্ছে অভিনয় প্রতিভাদের নিয়ে রিয়ালিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। যেখানে দেশজুড়ে খোঁজা হচ্ছে প্রতিযোগীদের।

গতকাল বেলা সাড়ে ১১টায় দীপ্ত টিভিতে আয়োজন করা হয় রিয়ালিটি দীপ্ত স্টার হান্টের সংবাদ সম্মেলন। যেখানে উপস্থিত ছিলেন দীপ্ত স্টার হান্টের প্রধান বিচারক মিডিয়া ব্যক্তিত্ব অভিনেতা তারিক আনাম খান, পরিচালক শিহাব শাহীন ও দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা। দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আরো অন্যান্য মিডিয়া ব্যক্তিত্বা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তারিক আনাম খান বলেন, ‘এ ধরনের উদ্যোগ বাংলাদেশে আগেও হয়েছে। আমরা এর আগে এক চ্যানেলের সুপার স্টার খোঁজার সঙ্গে ছিলাম, সেখান থেকে অনেক অভিনয়শিল্পী বের হয়েছেন, যারা এখনো বাংলাদেশের মিডিয়া জগতে খুব স্ট্রংলি আছেন। এছাড়া এফডিসিতে নতুন মুখের সন্ধানে এ জাতীয় অনেক প্রোগ্রাম হয়েছে। দীপ্ত যে উদ্যোগ নিয়েছে, তার সঙ্গে অবশ্যই অ্যাকটরদের গ্রুমিং করা, তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াসহ নিজেকে ভাঙা ও নতুন করে গড়ে তোলা খুব প্রয়োজন। আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রিকে আরো বড় জায়গায় নিয়ে যেতে চাই, সেজন্য নতুন মুখ দরকার। দীপ্ত যে উদ্যোগটা নিয়েছে, আমার মনে হয় ভালো কিছু হবে।’

শিহাব শাহীন বলেন, ‘একজন পরিচালক হিসেবে ইনবক্সে প্রচুর মেসেজ পাই, ভাইয়া কাজের একট সুযোগ চাই, অনেকেই একটা সুযোগ চাইছে নিজেকে মেলে ধরার। সেজন্য আমরা তাদের ট্যালেন্টটা দেখতে চাই।’