বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’। সিনেমাটি পরিচালনা করেছেন বাণিজ্যিক সিনেমার সফল নির্মাতা বদিউল আলম খোকন। আগামীকাল দেশব্যাপী সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক মো. জসিম উদ্দিন।

মুক্তি উপলক্ষে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন প্রযোজক মো. জসিম উদ্দিন, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সাফি উদ্দিন সাফি, গাজী মাহবুবসহ সিনেমাটির শিল্পী-কলাকুশলী ও অন্যান্য অতিথি।

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবীণ অভিনেতা আবুল হায়াত বলেন, ‘পরিচালকের আগ্রহে এ সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। আশা করছি, এর গল্প সবার ভালো লাগবে।’

দিলারা জামান বলেন, ‘দায়মুক্তি মুক্তি পাচ্ছে, এটা খুব ভালো লাগছে। আনন্দ লাগছে। জীবনের শেষ মুহূর্তের কাজ হিসেবে খুব ভালো হয়েছে। খোকন ভাই খুব ভালোভাবে বানিয়েছেন। এটা সব সময়ের গল্প। দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি, তারা যেন হলে গিয়ে সিনেমাটা দেখেন।’

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, সুস্মী রহমান, সামিয়া নাহি, আবুল হায়াত, দিলারা জামান, শম্পা নিজাম, সুব্রত, সূচরিতাসহ আরো অনেকে।

রাইসা ফিল্ম প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনী ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নিরব ও আলি আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেননি পরিচালক বদিউল আলম খোকন। উপস্থিত না হতে পারলেও লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে গড়ে উঠেছে দায়মুক্তি সিনেমার কাহিনী। এতে উঠে এসেছে সমাজের সমসাময়িক একটি পরিচিত গল্প। মূলধারার বাণিজ্যিক সিনেমার বাইরে সেভাবে বলতে গেলে দায়মুক্তিই আমার প্রথম গল্পভিত্তিক সিনেমা। সিনেমাটিতে কাজ করছি অনেকটা দায়বদ্ধতার জায়গা থেকে। নতুন প্রজন্মসহ সব শ্রেণীর দর্শককে সিনেমাটি দেখা উচিত।’