লাল সিং চাড্ডার শুটিং করতে গিয়ে আমিরের শরীরের ওপর এতটাই ধকল পড়েছে যে, রীতিমতো জ্বর ও তীব্র ব্যথায় আক্রান্ত হয়েছেন তিনি। ফরেস্ট গাম্প ছবির অফিসিয়াল রিমেক লাল সিং চাড্ডা
‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন এমন খবর শোনামাত্রই দর্শক বুঝে নেন, পর্দায় আরো এক ব্যতিক্রমী চরিত্রের মুখোমুখি হতে যাচ্ছেন তারা। সে ধারাবাহিকতায় আমির অভিনীত সর্বশেষ ছবি লাল সিং চাড্ডা নিয়েও প্রত্যাশা দানা বেঁধেছে। কিন্তু দর্শককে মনোমুগ্ধ করতে এবং ছবিটিতে নিজের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে গিয়ে আমির যে কসরত করছেন, তাতে শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। জানা গেছে, এ মুহূর্তে প্রচণ্ড ব্যথা ও জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। তার পরও শুটিং থেকে একদিনের জন্য বিরতি না নিয়ে ব্যথানাশক ওষুধ খেয়েই চালিয়ে যাচ্ছেন শুটিং।
টম হ্যাংকস অভিনীত হলিউড ক্ল্যাসিক ফরেস্ট গাম্প-এর অফিশিয়াল রিমেক আমির খান অভিনীত এই লাল সিং চাড্ডা ছবি। গল্পের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় ছবিতে আমিরকে পুরো দেশেই দৌড়াতে দেখা যাবে। ঠিক এ রকম কিছু কারণেই এ অভিনেতাকে পুরো ভারতজুড়ে বর্তমানে শুটিং করতে হচ্ছে।
লাল সিং চাড্ডার জন্য এর আগে ২০ কেজি পর্যন্ত ওজন ঝরিয়েছেন আমির খান। এছাড়া কাহিনী বিন্যাস ঠিক রাখতে প্রায় প্রতিদিনই তাকে ১০ থেকে ১৩ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হচ্ছে। এ কারণে পায়ে প্রচণ্ড ব্যথা পাচ্ছেন তিনি। তা এতটাই তীব্র যে ১০ দিন ধরে টানা উচ্চমাত্রার ব্যথানাশক ওষুধ সেবন করছেন।
মিড ডেকে আমিরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিশেষ সিকোয়েন্সের জন্য আমির খান পুরো দেশ দৌড়ে বেড়াচ্ছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও তিনি তা চালিয়ে যাচ্ছেন। সবকিছু যথাযথভাবে শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনোভাবেই শুটিং বন্ধ করতে চাইছেন না।
অতুল কুলকার্নির চিত্রনাট্যে লাল সিং চাড্ডা পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন।। ছবিটি প্রযোজনা করেছে ভায়াকম ১৮ স্টুডিওজ ও আমির খান প্রডাকশনস। চলতি বছরের ক্রিস্টমাসে ছবিটি মুক্তির দিন ধার্য করা হয়েছে।
আমির সম্প্রতি বলেছেন, ‘আপনি
যদি প্রত্যেকটি দৌড়ের দৃশ্য দেখেন, তাহলে দেখবেন মাত্র ৩০ সেকেন্ডের দৃশ্য সেটি। কিন্তু আপনার দেখে মনে হবে যে আমি চার বছর ধরেই দৌড়াচ্ছি। এটাই আমার কাছে চ্যালেঞ্জিং ছিল।’
উল্লেখ্য, গত বছর আমির অভিনীত থাগস অব হিন্দুস্তান আশা জাগিয়েও শেষ পর্যন্ত বক্স অফিসে ভরাডুবির শিকার হয়। নতুন এ ছবি যেন সে রকম পরিস্থিতির মুখোমুখি না হয়, সেজন্যই বোধহয় আমির এতটা পরিশ্রম করছেন। এখন দেখার পালা, আমিরের এত পরিশ্রমের ছবি কতটা সফল হয়।
সূত্র: ডিএনএ ইন্ডিয়া










