দীর্ঘদিন ধরেই তিনি ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে নিজের অবস্থান দৃঢ় করেছেন। সহজ-সরল চরিত্রে অভিনয় আর চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার দক্ষতায় তিনি নির্মাতাদেরও আস্থার জায়গা হয়ে উঠেছেন। অন্যদিকে শারমীন জোহা শশী নিয়মিত না হলেও বেছে বেছে কাজ করে নিজের অভিনয়গুণের স্বাক্ষর রেখে চলেছেন। গল্পনির্ভর কাজেই তার আগ্রহ বেশি, সেসব কাজেই তিনি দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন বারবার।
নিলয় ও শশী এবার নতুন এক সামাজিক গল্পের নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘ভাবী’। যেখানে দেবর-ভাবির সম্পর্কের এক সংবেদনশীল দিক উঠে এসেছে। মহিন খানের রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকে শশী অভিনয় করেছেন পারুল চরিত্রে এবং নিলয় আলমগীর তার দেবর ইমরানের ভূমিকায়।
গল্পে দেখা যায়, পারুলের স্বামী বিদেশে থাকেন এবং সংসারের দায়িত্ব পড়ে ইমরানের ওপর। দেবর-ভাবির মধ্যে স্বাভাবিকভাবেই গড়ে ওঠে এক দুষ্টু-মিষ্টি সম্পর্ক। কিন্তু একসময় বড় ভাইয়ের মৃত্যু হলে তাদের সম্পর্ক নিয়ে গ্রামজুড়ে শুরু হয় নানা গুঞ্জন। এ গুঞ্জনই গল্পকে নিয়ে যায় এক নাটকীয় পরিণতির দিকে।
নাটকটি সম্পর্কে পরিচালক মহিন খান জানান, শশীর সঙ্গে প্রায় এক দশক পর কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। তার ভাষায়, ‘শশীর অভিব্যক্তি ও সংলাপ বলার দক্ষতা এতটাই শক্তিশালী যে পরিচালকের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। যথারীতি নিলয়ও তার চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন। নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
নাটকটির গল্প ও চরিত্র নিয়ে শশী নিজেও সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘নাটকের গল্পটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার চরিত্রটিও বলা যায় প্রচলিত ধারার বাইরের, যেখানে ভালো অভিনয় করার যথেষ্ট সুযোগ আছে। মহিন অনেক যত্ন নিয়ে কাজটি করেছে। সব মিলিয়ে নিলয় ও আমার অভিনয় আশা করছি দর্শকের ভালো লাগবে।’
উল্লেখ্য, শশী একসময় কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন এবং পরে আরো কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন।
দেবর-ভাবির সম্পর্ককে ঘিরে তৈরি ভাবী নাটকটি শুধু একটি পারিবারিক গল্প নয়, বরং সমাজের দৃষ্টিভঙ্গি ও বাস্তবতার প্রতিফলন। নিলয় ও শশীর অভিনয় দক্ষতা এ গল্পকে আরো প্রাণবন্ত করে তুলেছে। নাটকটি দর্শকের ভালো লাগবে, এমনটাই প্রত্যাশা নির্মাতাসংশ্লিষ্টদের।










