জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রায় দেড় মাস ধরে শুটিংয়ে নেই। ঈদের আগে বিদেশ ভ্রমণ শেষে দেশে ফিরলেও নতুন কোনো নাটক, ওয়েব সিরিজ বা সিনেমায় অংশ নেননি তিনি। এটিকে নিজের ভাষায় ‘লম্বা ব্রেক’ হিসেবেই বর্ণনা করেছেন তিশা। তার মতে, প্রত্যেক শিল্পীরই ভালো কাজের জন্য লম্বা বিরতি দরকার। বিরতি নিলে নতুন কাজে ভালোভাবে প্রস্তুতি নেয়া যায়। সম্প্রতি বলিউড অভিনেতা শরমন জোশীর বিপরীতে ‘ভালোবাসার মওসুম’ নামের একটি ছবিতে অভিনয়ের খবর প্রকাশ পায়। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তিনি। তিশার ভাষায়, সিনেমাটিতে আমি অভিনয় করছি এমন অনেক নিউজ হয়েছে, আমিও দেখেছি। নিউজ তো অনেক হয়, সেসব নিউজে কতটা সত্যতা থাকে আর কতটা থাকে না তা অডিয়েন্স ভালোই জানে। হতে পারে, নতুন কোনো সারপ্রাইজ নিয়েই সবার সামনে আসব। সিনেমাকে শিল্পীর প্রিয় মাধ্যম উল্লেখ করে তিশা বলেন, ‘এখন অনেক ভালো সিনেমা হচ্ছে। ভালো গল্প পেলে, ক্যারিয়ারে নতুন সংযোজন ঘটলে আমিও অবশ্যই সিনেমা করব। যেহেতু আমি বাংলাদেশী মেয়ে, বাংলাদেশের চলচ্চিত্রেই কাজ করার আগ্রহ সবসময় বেশি।’ শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, নাটক বা সিরিজের সময় অনেক ঝামেলা পোহাতে হয়। দর্শক কখনো বুঝতে পারেন না, একটি দৃশ্যের পেছনে কতটা পরিশ্রম আর ঝুঁকি থাকে। তবে ম্যানেজমেন্টে কিছু সমস্যা হতেই পারে, সেটা বড় কিছু নয়। গুঞ্জন প্রসঙ্গে তিশা জানান, এসব নিয়ে তিনি খুব একটা মাথা ঘামান না। দর্শক তাকে পছন্দ করেন তার কাজের জন্য। তাই কাজ নিয়েই কথা বলতে চান, কাজ নিয়েই আনন্দিত হন। দেড় মাসের বিরতির পর কবে কাজে ফিরবেন—এ বিষয়ে নিশ্চিত কিছু জানাননি তানজিন তিশা, তবে ইঙ্গিত দিয়েছেন সামনে হয়তো কোনো সারপ্রাইজ নিয়েই হাজির হবেন।
সারপ্রাইজ নিয়ে ফিরবেন তিশা
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রায় দেড় মাস ধরে শুটিংয়ে নেই।










