বরাবরের মতো এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করেও ঢালিউড পাড়ায় বইছে আনন্দের হাওয়া। সিনেমা হলে দর্শকদের ফিরিয়ে আনতে এবং ঈদের খুশিকে বাড়িয়ে দিতে এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৯টি নতুন চলচ্চিত্র। বিগ বাজেট, তারকাবহুল কাস্টিং আর বৈচিত্র্যময় গল্পের এ সিনেমাগুলো নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে অন্য রকম আগ্রহ তৈরি হয়েছে। শেষ মুহূর্তের জোরদার প্রচারণা শেষে সিনেমাগুলো এখন দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সফলতার অপেক্ষায়
রকস্টার
এবারের ঈদে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢালিউড কিং শাকিব খানের ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত এ মিউজিয়্যাল রোমান্টিক ধাঁচের সিনেমাটি মুক্তির আগেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে সিনেমায় শাকিব খানের ভিন্নধর্মী একাধিক লুক, চমৎকার গেটআপ এবং চোখধাঁধানো অ্যানিমেশন টিজার দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে। গাজীপুর ও ঢাকার বিভিন্ন রিসোর্ট ও লোকেশনে শুটিং শেষ করা এই সিনেমাটিতে শাকিবের বিপরীতে জুটি বেঁধেছেন সাবিলা নূর এবং আরেকটি বিশেষ চরিত্রে আছেন তানজিয়া জামান মিথিলা। ঈদের বড় ধামাকা হিসেবে সিনেমাটি দেশের রেকর্ডসংখ্যক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।
রইদ
মাল্টিপ্লেক্স ও রুচিশীল দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে গুণী নির্মাতা মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় চলচ্চিত্র ‘রইদ’। ব্লকবাস্টার সিনেমা ‘হাওয়া’-এর পর দীর্ঘ চার বছর বিরতি কাটিয়ে এ সিনেমার মাধ্যমে ফিরছেন তিনি। ট্রেলার, পোস্টার এবং চমৎকার গানের কল্যাণে মুক্তির আগেই আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে এটি। ১৭ মে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে টিম নিয়ে সরব প্রচারণার মধ্য দিয়ে সিনেমাটি ব্যাপক আলোচনায় আসে। মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি অভিনীত এই সিনেমাটি ভিন্নধর্মী গল্পের এক গভীর নান্দনিক অভিজ্ঞতা দেবে বলে হল মালিকদের ধারণা।
অন্যান্য সিনেমা
এ দুটি সিনেমার বাইরেও ঈদের সিনেমা বাজারে বৈচিত্র্য এনেছে আরো সাতটি চলচ্চিত্র।
বনলতা সেন
মেধাবী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এ সিনেমার ট্রেলার ও গান এরই মধ্যে দর্শকদের মুগ্ধ করেছে। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার, মাসুমা রহমান নাবিলা ও সোহেল মণ্ডল।
মালিক
সাইফ চন্দন পরিচালিত এ হাইভোল্টেজ অ্যাকশনধর্মী সিনেমাটিতে জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। অ্যাকশন ঘরানার দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে বাড়তি আকর্ষণ কাজ করছে।
মাসুদ রানা
একেবারে শেষ মুহূর্তে এসে মুক্তির ঘোষণা দিয়ে চমক দেখিয়েছে সিনেমাটি। সৈকত নাসির পরিচালিত এ চলচ্চিত্রে আইকনিক গোয়েন্দা চরিত্র মাসুদ রানার ভূমিকায় অভিনয় করেছেন নবাগত রাসেল রানা এবং তার বিপরীতে আছেন পূজা চেরী।
এছাড়া চিত্রনায়িকা ববি হক অভিনীত সিনেমা ‘তছনছ’। ভিন্ন ঘরানার এ সিনেমাটিও ঈদের মুক্তির মিছিলে জায়গা করে নিয়েছে এবং দর্শকপ্রিয় হওয়ার আশা করা হচ্ছে। ‘ইউনিভার্সিটি অব চাঙ্খারপুল’ ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারজয়ী সিনেমা। এটি বিকল্প ধারার দর্শকদের জন্য এক চমৎকার উপহার। ঈদের তালিকায় আরেকটি সিনেমা হলো ‘পিনিক’। জাহিদ জুয়েল পরিচালিত এই ছবিতে জুটি বেঁধেছেন আদর আজাদ ও শবনম বুবলী। শেষ মুহূর্তের নানা জটিলতা কাটিয়ে উৎসবের আমেজে প্রেক্ষাগৃহে জায়গা করে নিয়েছে ‘নাকফুলের কাব্য’। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। প্রধান চরিত্রে চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে আছেন পূজা চেরী। রোমান্স, অ্যাকশন, থ্রিলার থেকে শুরু করে ভিন্ন ধারার জীবনের গল্প—সব মিলিয়ে এবারের ঈদুল আজহায় ঢালিউড দর্শকদের সামনে রয়েছে বৈচিত্র্যময় সিনেমা বাছাইয়ের দারুণ সুযোগ। একসঙ্গে ৯টি সিনেমার এ সুস্থ প্রতিযোগিতা দেশীয় চলচ্চিত্রের বাজারকে আরো চাঙ্গা করবে। এখন দেখার বিষয় ঈদের ছুটির আমেজ শেষে বক্স অফিসে শেষ হাসি হাসে কোন সিনেমা এবং কোন গল্পটি জয় করে নেয় আপামর দর্শকহৃদয়।










