হাবিব ওয়াহিদের সঙ্গে ‘থামবে না ভালোবাসা’ গান দিয়ে আলোচনায় আসেন মৌলি মজুমদার। এরপর বেশকিছু আধুনিক গান প্রকাশ হয়েছে তার কণ্ঠে। তবে নাটকের গানেই মৌলি মজুমদার বেশি দর্শকপ্রিয়তা পেয়েছেন। এবার মৌলি প্রথমবারের মতো নাটকে অভিনয় করলেন। সেলিম রেজার পরিচালনায় ‘শূন্যের সংসার’ নাটকে অভিনয় করেছেন মৌলি। নাটকটি রচনা করেছেন সায়েম খান। ৭ এপ্রিল রাজধানীর উত্তরায় দোলনচাঁপা শুটিং হাউজে মৌলি এ নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। জীবনে প্রথম নাটকেই তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন গুণী অভিনেত্রী মনিরা মিঠু ও জনপ্রিয় তারকা জুটি নিলয়-বৃষ্টিসহ বেশ কয়েকজনকে। যে কারণে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন মৌলি মজুমদার। প্রথমবার নাটকে অভিনয় করা প্রসঙ্গে মৌলি বলেন, ‘শুরুতেই বলে রাখছি, অভিনয়টা আমি পেশা হিসেবে নিচ্ছি না। শখের বশেই আসলে অভিনয় করেছি। শূন্যের সংসার নাটকের প্রযোজক ও পরিচালকের আগ্রহেই মূলত এ নাটকে অভিনয় করা। আসলে তাদের অনেক নাটকের গানে আমি কণ্ঠ দিয়েছি। যে কারণে তাদের সঙ্গে আমার সম্পর্কটা যেমন চমৎকার, বোঝাপড়াটাও দারুণ। তো আমাকে যখন চরিত্রটি বলা হলো, তখন মনে হলো যে এতে অভিনয় করা যায়। অভিনয় করতে এসে দেখি যাদের সঙ্গে আমার অনেক আগে থেকেই পরিচয়, জানাশোনা তাদের সঙ্গেই নাটকে অভিনয় করতে হবে। বিষয়টা ভালো লাগল। নিলয় ভাই খুব সহযোগিতা করেছেন। প্রত্যেক নতুন শিল্পীকে নিলয় ভাই যেভাবে সহযোগিতা করেন, অনুপ্রেরণা দেন—এমনটা একজন শিল্পীকে আগামীতে আরো ভালো করার অনুপ্রেরণা জোগায়।’ এদিকে এরই মধ্যে নাটকের গান ‘তোমায় দিলাম ডানা’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন মৌলি ও রাফাত। আতিউর রহমানের লেখা এ গানের সুর ও সংগীত করেছেন শাহরিয়ার রাফাত।
অভিনয়ে গায়িকা মৌলি মজুমদার
হাবিব ওয়াহিদের সঙ্গে ‘থামবে না ভালোবাসা’ গান দিয়ে আলোচনায় আসেন মৌলি মজুমদার।










