জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো রাইটারস গিল্ড অ্যাওয়ার্ডের ৭৭তম আসর। চলচ্চিত্র ও টিভি সিরিজের বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ লেখকদের স্বীকৃতি দেয়া হয়। এ বছর অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্কে একযোগে দুটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান উপস্থাপক জোয়েল কিম বুস্টার শো শুরু করে বলেন, ‘গত কয়েক বছর কঠিন কেটেছে, এ বছর অগ্নিকাণ্ড আহত করেছে শহরকে। এমন পরিস্থিতিতে আমাদের খুশি খুঁজে বের করতে হবে। লেখকদের একত্র করে আনন্দ খুঁজে নিতে হবে। যিনি প্রশংসার দাবিদার, তাকে সম্মানিত করে অন্যকেও শক্তি দিতে হবে।’
আসরে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইতিহাস-আশ্রয়ী টিভি সিরিজ ‘শোগুন’। সিরিজটি টেলিভিশন বিভাগে দুটি পুরস্কার জিতে নিয়েছে। প্রথমত, এটি সেরা ড্রামা সিরিজ হিসেবে পুরস্কার অর্জন করেছে, যা সিরিজটির শক্তিশালী চিত্রনাট্য ও কাহিনীর স্বীকৃতি। দ্বিতীয়ত, সিরিজের একটি বিশেষ পর্ব অ্যানজিন সেরা এপিসোডিক ড্রামার পুরস্কার জিতেছে। দুটি অর্জন শোগুন সিরিজকে ২০২৫ সালের রাইটারস গিল্ড অ্যাওয়ার্ডে টেলিভিশনের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠা করেছে।
চলচ্চিত্রের ক্ষেত্রে ‘নিকেল বয়েজ’ সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লের পুরস্কার জিতে প্রথম সাফল্য অর্জন করে। লস অ্যাঞ্জেলেসে র্যামেল রস ও নিউইয়র্কে জসলিন বার্নস পুরস্কারটি গ্রহণ করেন। র্যামেল রস তার বক্তৃতায় লেখকদের প্রশংসা করে বলেন, ‘রাইটারস গিল্ড একটি বিশেষ গিল্ড, কারণ এখানে সবাই সৃজনশীল ও মেধাবী। বর্তমান পরিস্থিতিতে কল্পনাই হচ্ছে প্রতিরোধের শ্রেষ্ঠ মাধ্যম।’
অরিজিনাল স্ক্রিনপ্লের ক্ষেত্রে চলচ্চিত্র ‘আনোরা’ জিতে নেয় সেরা পুরস্কার। যেখানে অন্যান্য প্রতিদ্বন্দ্বী সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘আ রিয়েল পেইন’, ‘চ্যালেঞ্জার্স’ ও ‘মাই ওল্ড অ্যাস’। টেলিভিশনের ক্ষেত্রে কমেডি বিভাগে ‘হ্যাকস’ সেরা কমেডি সিরিজের স্বীকৃতি ঝুলিতে তুলে। পাশাপাশি সিরিজের পর্ব ‘বুলেটপ্রুফ’ সেরা এপিসোডিক কমেডির পুরস্কার জেতে।
অনুষ্ঠানে বিভিন্ন মজার ও আবেগঘন মুহূর্ত তৈরি হয়। নিউইয়র্কে ৫০তম বছর উপলক্ষে বিশেষ সম্মান পায় ‘স্যাটারডে নাইট লাইভ’। আলোচনা হয় শোটির দীর্ঘ ইতিহাস ও সাফল্য নিয়ে। এদিকে লস অ্যাঞ্জেলেসে কাইল ম্যাকল্যাখলান সম্প্রতি মারা যাওয়া ডেভিড লিঞ্চকে মরণোত্তর লরেল অ্যাওয়ার্ড ফর স্ক্রিনরাইটিং অ্যাচিভমেন্ট দেন। সে সময় তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘আমি তাকে ছাড়া আমার জীবন বা ক্যারিয়ার কল্পনা করতে পারি না।’
রাইটারস গিল্ডের সভাপতি মেরেডিথ স্টিম শিল্পে বর্তমান সমস্যাগুলোর কথা উল্লেখ করেন। তুলে ধরেন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্বারা লেখকদের স্ক্রিপ্টের অযাচিত ব্যবহার প্রসঙ্গ। তার দাবি, বিষয়টা শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পুরস্কারের মাধ্যমে লেখকদের কাজের স্বীকৃতি যেমন দেয়া হয়েছে, তেমনই আগামী প্রজন্মের লেখকদের জন্য নতুন সুযোগ তৈরির গুরুত্বও তুলে ধরা হয়।
সূত্র ও ছবি: হলিউড রিপোর্টার










