মালয়ালম ভাষার লেখক ও পরিচালক এমটি বাসুদেব নায়ার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১। এ মাসের শুরুতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মারা যান তিনি।
এমটি নামেই পরিচিত বাসুদেবের জন্ম ১৯৩৩ সালে, কুড্ডালোরের গ্রামে। তার লেখক জীবন খুব কম বয়সে শুরু হয়। ২০ বছর বয়সে একটি বিদেশী প্রতিযোগিতার জন্য প্রথম ছোটগল্প লিখে জিতে নিয়েছিলেন প্রথম পুরস্কার। রসায়নে স্নাতক, কিন্তু পেশা হিসেবে বেছে নিয়েছিলেন সম্পাদনা।
মাতৃভূমি নামের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকায় কাজ করতেন তিনি। সেখানেই প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘অসুরাভিত্ত্ব’। যে উপন্যাসকে অনেকেই মালয়ালম ভাষার সর্বশ্রেষ্ঠ উপন্যাস আখ্যা দেন।
এমটির আর একটি পরিচয়, তিনি একজন পরিচালক ও চিত্রনাট্য রচয়িতা। তার নির্দেশিত ছবি ও লেখা চিত্রনাট্যগুলো রাজ্য ও জাতীয় স্তরে অজস্র পুরস্কার পেয়েছে।
১৯৬০-৭০ এর দশকে এমটির লেখনীর হাত ধরেই মালয়ালম সিনেমা একটি সমান্তরাল পথে হাঁটা শুরু করে। তার নির্দেশিত ‘নির্মাল্য’ জাতীয় পুরস্কার পেয়েছিল। গল্প, উপন্যাস, চিত্রনাট্য প্রতিটি ক্ষেত্রেই কেরালার বহুমাত্রিক সমাজ ও সংস্কৃতিকে তুলে ধরেছিলেন এমটি।










