‘সুপারম্যান’ সিরিজে কিংবদন্তি খলনায়ক জেনারেল জড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া ব্রিটিশ অভিনেতা টেরেন্স স্ট্যাম্প মারা গেছেন। রোববার সকালে ৮৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

লন্ডনে জন্ম নেওয়া স্ট্যাম্প ১৯৬২ সালে ‘বিলি বাড’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। প্রথম ছবিতেই সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার ও বাফটা অ্যাওয়ার্ডে মনোনয়ন পান। দীর্ঘ ছয় দশকের অভিনয়জীবনে তিনি অভিনয় করেছেন দ্য অ্যাডভেঞ্চারস অব প্রিসিলা, কুইন অব দ্য ডেজার্ট, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, ভ্যালকাইরিসহ অসংখ্য সিনেমায়।

এক বিবৃতিতে স্ট্যাম্পের পরিবার জানিয়েছে, ‘অভিনেতা ও লেখক হিসেবে টেরেন্স স্ট্যাম্প যে অসাধারণ কীর্তি রেখে গেছেন, তা বহু বছর ধরে মানুষকে অনুপ্রাণিত করবে।’

ষাটের দশকে তিনি শুধু অভিনয়েই নয়, সুদর্শন চেহারা, ফ্যাশন সেন্স ও তারকাখ্যাত প্রেমের গল্পের জন্যও ছিলেন আলোচনায়। অভিনেত্রী জুলি ক্রিস্টির সঙ্গে তার সম্পর্কের কথা ‘ওয়াটারলু সানসেট’ গানের ‘টেরি মিটস জুলি’ লাইনেও অমর হয়ে আছে। সুপারমডেল জিন শ্রিম্পটনের সঙ্গেও তার সম্পর্ক সে সময় শিরোনাম হয়েছিল।

সূত্র: বিবিসি