জাহিদ প্রীতম নির্মিত ওয়েব ফিল্ম ঘুমপরী। ভালোবাসায় মোড়ানো এক গল্পে নির্মিত এ সিরিজ। শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে ওয়েব ফিল্ম ঘুমপরীর ট্রেলার উন্মোচন করা হয়। মুক্তির আগেই ট্রেলার থেকে সিরিজটি নিয়ে ধারণা পাওয়া গেল। ট্রেলারে উঠে এসেছে এ সিরিজের বিভিন্ন চরিত্র ও ভালোবাসাময় মুহূর্ত ।
জাহিদ প্রীতমের পরিচালনায় এ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান, অভিনেত্রী তানজিন তিশা ও আরেক সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন।
ট্রেলারে দেখা যায়, সিরিজের চরিত্রগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পারশাকে দেখা গেছে চিকিৎসকের অ্যাপ্রোনে। বিভিন্ন মুহূর্তে চরিত্রগুলোর আবেগ–উদ্বিগ্নতা কৌতূহলী করে তুলেছে দর্শককে।
প্রীতম হাসান বলেন, ‘কাজটা করব কিনা, প্রথম দিকে এটাই ভাবছিলাম। এত ইমোশনাল স্ক্রিপ্টে চরিত্রটা হয়ে উঠতে পারব কিনা, সেটাই চ্যালেঞ্জ ছিল। পরে আমি পরিচালকের সঙ্গে কথা বলি। তিনি আমার চরিত্রকে একভাবে দেখছিলেন, আমি দেখছিলাম ভিন্নভাবে। আলোচনার পর আমরা একটা কমন পয়েন্টে আসি এবং কাজটিতে যুক্ত হই। ম্যাজিক্যাল অনেক মুহূর্ত আছে পুরো গল্পটিতেই।’
এদিকে এ সিরিজে চরকি ও প্রীতম হাসানের সঙ্গে প্রথমবার কাজ করলেন তানজিন তিশা। যদিও নির্মাতা জাহিদ প্রীতমের সঙ্গে বেশকিছু কাজ করেছেন অভিনেত্রী, যা পেয়েছে দর্শকপ্রিয়তা।
তানজিন তিশা বলেন, ‘জাহিদ প্রীতম ভাই যখন গল্প বলেছিলেন, তখনই আমার ভালো লেগে যায়। আমি অনেক রকমের কাজ করেছি, এখন আমার এমন কাজ লাগবে, যা একটু আলাদা। ঘুমপরী তেমনই একটা গল্প। তাছাড়া চরকির সঙ্গে এমন একটা কাজ দিয়ে আমার শুরু হতে পারে বলে মনে হয়েছে। আমি তো পারফরম্যান্সের জায়গা খুঁজি, এখানে সেটা পেয়েছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে। দর্শক দেখলেই বুঝতে পারবেন।’ পারশা মাহজাবীন জানান, ঘুমপরী তার পছন্দের জনরার গল্প। তাই বেশি ভাবতে হয়নি। স্ক্রিপ্টটা পড়ার সঙ্গে সঙ্গেই ভালো লেগে যায়। তিনি বলেন, ’ভ্যালেন্টাইনে সাধারণত এমন কাজ চোখে পড়ে না। এখানে কাজ করাটা আমার জন্য কঠিনই ছিল বলতে হবে, কারণ আমার দুই ধরনের চরিত্র করতে হয়েছে। ক্যারেক্টার ডেভেলপমেন্টটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।’
এদিকে চরকির সঙ্গে অভিনেত্রী তানজিন তিশার প্রথম কাজ হওয়ায় সংবাদ সম্মেলনে তাকে স্বাগত জানান ওটিটি প্লাটফর্ম চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। জাহিদ প্রীতমের মতো তরুণ–নবীন পরিচালকের ওপর আস্থা রাখার কারণ হিসেবে তিনি বলেন, ‘তরুণ ও নবীন নির্মাতাদের সঙ্গে কাজ করতে চরকির কোনো অসুবিধা নেই। গল্পের জোর আমাদের একসঙ্গে করে ফেলেছে। গল্পটা শুনে আমাদের মনে হয়েছে এটা নিয়ে বড় কিছু, ভালো কিছু করা সম্ভব। সে অনুযায়ী কাজটি করা এবং আশা করছি, গল্পটি দেখে দর্শকের ভালো লাগবে।’
সংবাদ সম্মেলন শেষ হয় ঘুমপরী ওয়েব ফিল্মের ‘মন্দ হতো না’ গানের মধ্য দিয়ে। অন্তু দাসের গাওয়া গানটি গেয়ে শোনান প্রীতম হাসান ও পারশা মাহজাবীন।










