খুব অল্প সময়েই তিনি দক্ষিণ ভারতের দুই তারকা জুনিয়র এনটিআর ও রামচরণের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। ‘দেবারা’ আর ‘পেড্ডি’র মতো বিশাল বাজেটের সিনেমায় তার থাকাটাই প্রমাণ করে, এ মুহূর্তে নির্মাতাদের কাছে তার চাহিদা কতটা তুঙ্গে। তবে প্রশ্ন হচ্ছে, বড় বড় সুপারস্টারের এ সিনেমাগুলো জাহ্নবীকে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করছে, নাকি তিনি কেবলই সিনেমার গ্ল্যামার বাড়াতে কাজ করছেন?

মায়ের জনপ্রিয়তার কারণে দক্ষিণ ভারতের দর্শক জাহ্নবীকে শুরুতেই আপন করে নিয়েছিল। ফলে দেবারা সিনেমাটি নিয়ে দর্শকের আশা ছিল আকাশছোঁয়া। কিন্তু সিনেমাটি মুক্তির পর সে আশায় যেন গুড়ে বালি! পুরো সিনেমায় জাহ্নবীর ‘থাঙ্গাম’ চরিত্রটি এত কম সময়ের জন্য ছিল যে গল্পে তার কোনো বিশেষ ভূমিকাই খুঁজে পাওয়া যায়নি। অনেকেই মন্তব্য করেছেন, চরিত্রটি সিনেমা থেকে বাদ দিলেও গল্পের কোনো ক্ষতি হতো না।

চলতি সপ্তাহে মুক্তি পাওয়া রামচরণের ‘পেড্ডি’ এ বিতর্ককে আরো বাড়িয়ে দিয়েছে। জাহ্নবীর চরিত্রটি শুরুতে বেশ সম্ভাবনাময় মনে হলেও গল্প যত এগিয়েছে, চরিত্রটি ততটাই ফ্যাকাশে হয়ে গেছে। উল্টো সিনেমার কিছু দৃশ্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সেখানে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ও নায়কের কিছু আপত্তিকর আচরণকে যেভাবে ‘ভালোবাসা’ বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে, তা দর্শককে ক্ষুব্ধ করেছে। এমনকি ক্যামেরার ফোকাসও ছিল চরিত্রের আবেগের চেয়ে জাহ্নবীর শারীরিক সৌন্দর্যকে পর্দায় ফুটিয়ে তোলার দিকে।

অথচ ‘গুঞ্জন সাক্সেনা’, ‘মিলি’ কিংবা ‘বাওয়াল’-এর মতো সিনেমায় জাহ্নবী বুঝিয়েছিলেন যে তিনি মন দিয়ে অভিনয় করতে পারেন। তাই এখন আলিয়া ভাট, সাই পল্লবী বা নয়নতারা যেখানে বাণিজ্যিক সিনেমায়ও নিজেদের অভিনয়ের জোর দেখাচ্ছেন, সেখানে শ্রীদেবীর মেয়ে কেন কেবল নাচ, গান আর নায়কের প্রেমিকা হওয়ার চরিত্রে আটকে যাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

আজ থেকে ১০ বছর পর দর্শক কিন্তু মনে রাখবে না জাহ্নবী কতগুলো সুপারস্টারের সঙ্গে পর্দা শেয়ার করেছিলেন, দর্শক মনে রাখবে তার মনে রাখার মতো অভিনয়কে। এখন তার সামনে বড় প্রযোজক, বড় নায়ক আর বড় বাজেট সবই আছে। অভাব শুধু একটি শক্তিশালী চরিত্রের, যা তাকে স্রেফ গ্ল্যামার কন্যা নয়, একজন সত্যিকারের অভিনেত্রী হিসেবে বাঁচিয়ে রাখবে। কারণ তারকা হওয়া আর সত্যিকারের অভিনেতা হওয়া এক কথা নয়। জাহ্নবী এখন কোন পরিচয় বেছে নেবেন, সে সিদ্ধান্ত একান্তই তার।

সূত্র: ইন্ডিয়া টুডে