সব গুঞ্জনের সমাপ্তি ঘটল শেষমেশ। স্কুইড গেম নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা এল। বহুল প্রতীক্ষিত তৃতীয় ও চূড়ান্ত সিজন মুক্তির জন্য সিরিজটি সম্পূর্ণরূপে প্রস্তুত। আগামী ২৭ জুন মুক্তি পাবে এটি। নেটফ্লিক্সের প্রধান কনটেন্ট অফিসার বেলা বাজারিয়া সম্প্রতি একটি ইভেন্টে এ ঘোষণা দেন। সেই সঙ্গে সিজনের ফার্স্ট লুক ও কিছু স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে সিরিজের বেঁচে থাকা খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত দেয়া হয়েছে।

সিরিজটির দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর। মুক্তির পরই এক সপ্তাহে সর্বোচ্চ দর্শকের আকর্ষণের রেকর্ড তৈরি করে। এক সপ্তাহে সিজনটি দেখা হয়েছে ৪৯২ কোটি বার। দ্বিতীয় কিস্তি যেখানে শেষ হয়েছে, সিজন ৩ ঠিক সেখান থেকেই শুরু করা হয়েছে। তবে এবার আরো গভীরে যাওয়া হয়েছে গি-হুনের (লি জং-জে) নৈতিক দোলাচলের। যখন তিনি প্রবল হতাশার সঙ্গে লড়াই করছেন, তখন ফ্রন্ট ম্যান (লি বিয়ং-হুন) পরবর্তী পরিকল্পনা করছেন। এর মধ্য দিয়ে অবশিষ্ট প্রতিযোগীদের জন্য আরো তীব্র ও ভয়ংকর পরিণতি নেমে আসবে। প্রতিটি মরণখেলা শুরু হওয়ার সঙ্গে সিদ্ধান্তগুলো আরো ভারী হয়ে উঠবে। ঝুঁকিগুলো এমনভাবে বাড়বে, যেন দর্শক আটকে থাকে।

তৃতীয় কিস্তিই হবে স্কুইড গেমের পরবর্তী ও চূড়ান্ত অধ্যায়। এর মধ্য দিয়ে বিপুল জনপ্রিয় সিরিজটির মহাকাব্যিক সমাপ্তি ঘটবে। সব ধরনের প্রস্তুতি শেষ। এখন নেটফ্লিক্সে শুরু হওয়া কেবল সময়ের ব্যাপার।

সূত্র ও ছবি: হলিউড রিপোর্টার্স