শাহরুখ খান অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পায় ২০১৪ সালে। সিনেমাটি পরিচালনা করেছিলেন ফারাহ খান। এরপর শাহরুখ খানের সঙ্গে তার সিনেমা করা হয়নি। ১৪০ কোটি রুপিতে নির্মিত হ্যাপি নিউ ইয়ার বক্স অফিসে ৩৪০ কোটি রুপির বেশি আয় করেছিল। কিন্তু সিনেমাটি পড়েছিল সমালোচনার মুখে। দর্শক মনে করেছেন, শাহরুখ খান বা ফারাহ খান কারো মান অনুসারেই সিনেমাটি ‘ভালো’ নয়। এরপর ফারাহর সঙ্গে শাহরুখ কাজ করেননি। কিন্তু ফারাহ জানাচ্ছেন, শাহরুখের সঙ্গে তার পেশাগত ও ব্যক্তিগত সম্পর্কে কোনো ফাটল ধরেনি। সেই সঙ্গে তিনি জানালেন, প্রতিটি সিনেমার ক্ষেত্রেই শাহরুখ তাকে গাড়ি উপহার দিয়েছেন।
শাহরুখের সঙ্গে ফারাহর সম্পর্ক আজকের নয়। প্রায় তিন দশক ধরে তারা কাজের সূত্রে যুক্ত। শাহরুখ খানের বহু গান কোরিওগ্রাফ করেছেন ফারাহ। এরপর তিনি যখন সিনেমা পরিচালনার চিন্তা করেন, তখনো এগিয়ে আসেন শাহরুখ। ফারাহর প্রথম সিনেমা ‘ম্যায় হু না’। কেবল অভিনয় নয়, এ সিনেমার প্রযোজকও শাহরুখ খান। এর তিন বছর পর ‘ওম শান্তি ওম’ এবং তার সাত বছরের মাথায় হ্যাপি নিউ ইয়ার।
সম্প্রতি অর্চনা পূরণ সিংয়ের ভ্লগে এসেছিলেন ফারাহ। সেখানে তিনি বলেন, ‘তারকা-সহকর্মীদের কাছ থেকে পাওয়া সবচেয়ে দামি উপহার হলো গাড়ি, যা শাহরুখ আমাকে দিয়েছে। আসলে প্রতিটা সিনেমার সময়ই সে আমাকে একটা গাড়ি উপহার দিয়েছে।’
ফারাহ জানান, হ্যাপি নিউ ইয়ারের সময় শাহরুখ তাকে একটি মার্সিডিস এসইউভি উপহার দিয়েছিলেন। ওম শান্তি ওমের সময়ও মার্সিডিস দিয়েছিলেন। এছাড়া ওম শান্তি ওমের সময় দিয়েছিলেন হুন্দাই টেরাক্যান।
শাহরুখকে একজন মূল্যবান বন্ধু বলে মনে করেন ফারাহ। তার জীবনের নানা সংকটের সময় শাহরুখ পাশে ছিলেন। এর পরও নানা কারণে হ্যাপি নিউ ইয়ারের পর সিনেমা নির্মাণ করেননি ফারাহ। এ নিয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি মজা করে বলেন, ‘অবশ্যই সিনেমা নির্মাণ করব। দ্রুতই করতে চাই। কেননা একটা নতুন গাড়ি আমার খুব দরকার।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










