এসময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে আছেন তিনি। এ সময়ে ভিন্ন চরিত্রে অনেক গল্পের নাটকে অভিনয় করেছেন। অভিনয় করেছেন ভিন্ন ঘরানার গল্পে বহু চ্যালেঞ্জিং চরিত্রেও। সর্বশেষ গত বছরের শেষপ্রান্তে শঙ্খদাস গুপ্তের পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। এবার মেহজাবীন বর্তমান সময়ের নবাগত অভিনেতা রেহানের সঙ্গে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় নীল সুখ ওয়েব ফিল্মে প্রথমবার মেহজাবীনের সঙ্গে কাজ করার সুযোগ পেলেন রেহান। আগামী ভালোবাসা দিবসে প্রচারে আসছে নাটকটি। এতে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নীল সুখ কাজটি করতে গিয়ে এর গল্প ও আমার চরিত্রটি ভীষণ উপভোগ করেছি। ভালোবাসা দিবসে প্রচার হওয়া কাজটি রোমান্টিক গল্পের হলেও এতে ভিন্নতা আছে। এটা একটা অন্য রকম ভালোবাসার গল্প। যারা একটু ভিন্ন ধাঁচের গল্প দেখতে আগ্রহী, এটি তাদের জন্য। সত্যি বলতে কি, ওটিটিতে গল্প বলার স্বাধীনতাটা থাকে। যে কারণে ওটিটিতে কাজ করতেও স্বাচ্ছন্দ্যবোধ করে সবাই। রেহান ভাইয়া চেষ্টা করেছেন ভালো অভিনয় করার। অভিনয়ে তিনি নতুন এখনো, শিখছেন অভিনয়। আমি আশাবাদী, তাকে নিয়ে যে কেউ আগামী কয়েক বছরে অনেক ভালো করবে, কারণ তার মধ্যে ভালো করার চেষ্টাটুকু আছে। তার জন্য অনেক অনেক শুভ কামনা।’ রেহান বলেন, ‘ভীষণ উচ্ছ্বাস আর আনন্দের মাঝে আছি। কারণ এবারই প্রথম আমি কোনো ওয়েব ফিল্মে কাজ করার সুযোগ পেলাম। তাও আবার আমার ভীষণ প্রিয় অভিনেত্রী মেহজাবীন আপুর সঙ্গে। ভিকি জাহেদ ভাইকে ধন্যবাদ, তিনি আমাকে প্রথম নেগেটিভ চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছিলেন। মেহজাবীন আপুর প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। তিনি অনেক বড় মাপের একজন অভিনেত্রী। কিন্তু ভীষণ ডাউন টু আর্থ। প্রত্যেকটি দৃশ্যের আগে তার সঙ্গে আলোচনা করেছি, ভালো না হলে তিনি বলেছেন, আরেকটু বেটার হতে পারে। এটা আমার জন্য অনেক অনেক অনুপ্রেরণার ছিল। আমি অধীর অপেক্ষায় আছি নীল সুখ প্রচারের জন্য।’ নীল সুখ ভালোবাসা দিবসে বিঞ্জে প্রচার হবে।