এবারের ঈদ নিয়ে আপনার পরিকল্পনা কী?

এবারের ঈদ আমার শ্বশুর বাড়ি খুলনায় করব। ঈদের চার-পাঁচদিন আগে খুলনায় যাওয়ার প্রস্তুতি রয়েছে।

শ্বশুর বাড়িতে ঈদ করাটা আমার কাছে খুবই আনন্দের। গ্রামীণ পরিবেশে সবাই একসঙ্গে থাকা খুব উপভোগ করি। এবার শ্বশুর বাড়িতে ঈদ করা নিয়ে আমি খুব এক্সাইটেড।

ঈদে আপনি কী রান্না করেন?

সকাল বেলা আমার শাশুড়ি, ননদ, সবাই মিলে রান্না করি। যদিও অধিকাংশ রান্নাটা আমার শাশুড়ি করেন। তিনি বলেন, ‘বড় রান্নাগুলো আমি করে তোমাদের খাওয়াব। তোমরা ছোটখাটো কাজগুলো কর।’

ঈদে শাশুড়ির হাতের রান্না খাওয়ার একটা সুযোগ থাকে। আমি ও আমার ননদ মিলে সেমাই রান্না করি। আমাদের সন্তানরা বাড়িতে থাকে। আমার শ্বশুর বাড়িতে বাড়ির গেইট খোলা থাকে, তাই ঈদের নামাজের পর বন্ধু-বান্ধব ও নানা ধরনের মানুষ আসা যাওয়ার মধ্যে থাকে। এগুলো খুব এনজয় করি। কারণ শহরে এমনটা দেখা যায় না।

ঈদে কী খেতে পছন্দ করেন?

আমার মিষ্টি জাতীয় খাবার পছন্দ। ঈদের সেমাই ভালো লাগে। কারণ সারা বছর অনেক রকমের মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয়। ঈদকে মাথায় রেখে যে সেমাই হয়, সেটা ভালো লাগে। সারা বছর খুব একটা সেমাই রান্না হয় না। বছরের অন্য সময়গুলোয় হয়তো পায়েস হচ্ছে, হালুয়া, পুডিং, কেক হচ্ছে। সেমাইটা যেহেতু ঈদকে কেন্দ্র করেই এবং সকালে ঈদের শুরুটা সেমাই দিয়েই হয়, তাই এটা খুব এনজয় করি। এছাড়া আমি রোস্টের সঙ্গে সাদা পোলাও পছন্দ করি।

ঈদে বেড়াতে যাওয়া হয় কিনা?

হ্যাঁ, যাওয়া হয়। যেহেতু ছোট শহর। আমরা নদীর পাড়ে বিভিন্ন পার্কে সন্ধ্যার পর চটপটি, ফোচকা খেতে চলে যাই। সেখানে থিয়েটার শো হয়। যেহেতু তিন-চারদিন ধরে বেড়ানোর পরিকল্পনা থাকে, তাই প্রথম দিন আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে যাই। দ্বিতীয় ও তৃতীয় দিন আশপাশের সুন্দর এলাকা ঘুরে দেখা, এমন করে পাঁচ-ছয়দিন আমরা ঈদের ছুটিটা শেষ করি।

শ্বশুরবাড়িতে মেহমানদের জন্য কী মেনু থাকে?

মেহমানদের জন্য থাকে গুরুর মাংস, রোস্ট, পোলাও অথবা তেহারি কাবাব। আমরা ঈদের আগে গিয়ে মায়ের সঙ্গে বসে শিডিউলটা আগেই ঠিক করে ফেলি যে প্রথম দিন কী খাব বা এর পরের দিনগুলোয় কী খাব। কেউ যদি বলে যে সাদা পোলাও মাংস, রোস্ট খেতে চায়, তাহলে সেভাবে প্রস্তুতি নেয়া হয়। আবার যদি বলে যে প্রথম দিন বিরিয়ানি তেহারি খেতে চায়, দ্বিতীয় বা তৃতীয় দিন পোলাও রোস্ট খেতে চায়, তখন এভাবে করে ভাগ করে নিই। সাধারণত ঈদের দিন ঝাল করে গরুর মাংস রোস্ট, সেমাই, মাছ ভাজা সঙ্গে সালাত এ রকম আইটেম থাকে।

আপনার এবারের ঈদের পোশাক সম্পর্কে জানতে চাই।

আমি সেলোয়ার কামিজই পরব। কারণ সকাল থেকে রান্না-বান্নায় সাহায্য করতে হয়। অনেক মানুষ আসে। তারপর তৃতীয় বা চতুর্থ দিন কোথাও ঘুরতে যাই, তখন শাড়ি বা অন্য সব পোশাক

মিলিয়েই পরি।

ঈদে আপনি কী রান্না করেন, যা সবার পছন্দ?

আমি ঈদে মটরশুঁটির পোলাও রান্না করি। যেটা আমার অনেক পছন্দ। আত্মীয়স্বজন সবাই বলেন, এটা আমার হাতে ভালো হয়।