আবারো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন অক্ষয় কুমার ও বিদ্যা বালান। দীর্ঘ বিরতির পর এ জনপ্রিয় জুটিকে আবারো একসঙ্গে দেখা যাবে অনীশ বাজ়মির নতুন সিনেমায়। এর আগে অনীশ পরিচালিত ‘ভুল ভুলাইয়া ২’ ও ‘ভুল ভুলাইয়া ৩’ দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। এবার তার নতুন সিনেমায় অক্ষয় ও বিদ্যার পুনরায় উপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই আগ্রহ বাড়ছে।

উল্লেখ্য, প্রিয়দর্শন পরিচালিত ভুল ভুলাইয়া সিনেমায় অক্ষয় কুমার ও বিদ্যা বালান দুজনেই প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। সে সিনেমাটিই পরবর্তী সময়ে একটি সফল ফ্র্যাঞ্চাইজ়িতে পরিণত হয়। তবে পরের দুই সিকুয়ালে অক্ষয় কুমারকে দেখা যায়নি। তার পরিবর্তে অভিনয় করেন কার্তিক আরিয়ান। বিষয়টি নিয়ে সে সময় বলিউডে কম আলোচনা ও বিতর্ক হয়নি।

বিতর্কের সূত্রপাত হয় অক্ষয় কুমারের এক মন্তব্য থেকে। তিনি দাবি করেছিলেন, তাকে ইচ্ছাকৃতভাবে ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজ়ি থেকে বাদ দেয়া হয়েছে। যদিও পরিচালক অনীশ বাজ়মি কখনই সে অভিযোগ স্বীকার করেননি। অন্যদিকে বিদ্যা বালানকে ঘিরে তেমন কোনো বিতর্ক তৈরি হয়নি। বরং ‘ভুল ভুলাইয়া ৩’-এ ক্যামিও চরিত্রে হাজির হয়ে দর্শকের নজর কেড়েছিলেন তিনি।

বলিউডে অক্ষয় ও বিদ্যার অনস্ক্রিন কেমিস্ট্রি বরাবরই প্রশংসিত। সাজিদ খানের পরিচালনায় ‘হেই বেবি’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন তারা। এরপর ভুল ভুলাইয়া সিনেমায় তাদের অভিনয় দর্শকের মনে আলাদা ছাপ ফেলেছিল। সিনেমায় জুটিবদ্ধ না হলেও তাদের দুজনকেই বেশ সাবলীল ও বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘মিশন মঙ্গল’ সিনেমায় বড় পর্দায় দুজনকে একসঙ্গে দেখা যায়।

নতুন সিনেমার মাধ্যমে শুধু বিদ্যার সঙ্গেই নয়, প্রায় ১৪ বছর পর পরিচালক অনীশ বাজ়মির সঙ্গেও আবার কাজ করতে চলেছেন অক্ষয় কুমার। অতীতে অনীশের পরিচালনায় ‘সিং ইজ কিং’ ও ‘ওয়েলকাম’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। নতুন সিনেমার জন্য অক্ষয়কে বেছে নেয়ার বিষয়টি আগেই জানা গিয়েছিল। তবে নায়িকা কে হবেন, তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে বিদ্যা বালানের নাম প্রকাশ্যে আসায় সে জল্পনার অবসান হলো।

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এ সিনেমায় মুখ্য ভূমিকায় বিদ্যা বালানের পাশাপাশি আরো একজন অভিনেত্রী থাকবেন। যদিও তার নাম এখনো জানানো হয়নি। একই সঙ্গে এখনো ঠিক হয়নি সিনেমার নামও।

এদিকে অক্ষয় কুমারকে শেষবার বড় পর্দায় দেখা গেছে সুভাষ কাপুর পরিচালিত ‘জলি এলএলবি ৩’ সিনেমায়। সামনে তার ব্যস্ততা আরো বাড়তে চলেছে। আগামী বছর প্রিয়দর্শনের পরিচালনায় নির্মিত দুটি সিনেমা ‘ভূত বাংলা’ ও ‘হাইওয়ান’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ দুই সিনেমায়ই অক্ষয় কুমারকে দেখা যাবে।

সূত্র: বলিউড হাঙ্গামা