ব্রিটিশ তারকা শেফ, টেলিভিশন ব্যক্তিত্ব ও হেল’স কিচেন শোর উপস্থাপক মার্কো পিয়েরে হোয়াইটের জীবনী নির্ভর ছবি নির্মিত হতে যাচ্ছে। এ ছবির চিত্রনাট্য লিখবেন বিউটিফুল মাইন্ডখ্যাত রাসেল ক্রো। ছবির প্রযোজনা, পরিচালনাও করবেন তিনি। এসবের সঙ্গে রাসেল ক্রো ছবিতে অভিনয়ও করবেন। এসব খবর দিয়েছেন স্বয়ং মার্কো পিয়েরে হোয়াইট।

মার্কো বলেন, ‘যখন আমার জীবন নিয়ে কোনো ছবি নির্মিত হবে, তখন আর একজন মার্কো থাকবে না। এখন আমার বয়স প্রায় ৬০। এখন হলিউডে কেউ আমার চরিত্রে কাজ করার মতো থাকলে সেটা রাসেলই আছে।’

ছবিটির পরিকল্পনা চলছে পাঁচ বছর ধরে। শুরুতে ছবিটি রিডলি স্কটের পরিচালনা করার কথা ছিল। তখন মার্কোর চরিত্রে অভিনয় করার জন্য পছন্দ করা হয়েছিল মাইকেল ফাসবেন্ডার নয়তো টম হার্ডিকে। মার্কো পিয়েরে সম্প্রতি নিজেই বলেছেন, ‘আমি ভেবে দেখেছি যে মাইকেল ফাসবেন্ডার নয়, বরং রাসেল ক্রোরই উচিত আমার চরিত্রে অভিনয় করা।’

মার্কো পিয়েরে হোয়াইট বিখ্যাত হয়ে ওঠেন গত শতকের আশির দশকে। সে সময় ২৪ বছর বয়সে তিনি লন্ডনের হার্ভেস রেস্টুরেন্টের প্রধান শেফ হিসেবে নিয়োগ পান। ১৯৯৫ সালে ৩৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ শেফ হিসেবে তিনবার মিশেলিন স্টার সম্মান পান।

চলচ্চিত্র জগতের বাইরে রাসেল ক্রো ব্যবসাও করেন। একটি অর্গানিক বিফ কোম্পানিতে তার বিনিয়োগ আছে, যেটা সিডনি ও মেলবোর্নে তাদের ব্যবসা পরিচালনা করে।

২০১৫ সালে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কর্মরতদের দায়িত্ববোধ বৃদ্ধির কথা তুলেছিলেন রাসেল ক্রো। তিনি বলেছিলেন, এ খাতের কর্মীদের অত্যন্ত ধৈর্যশীল ও দায়িত্ববান হতে হবে।

২০১৫ সালে ব্রাডলি কুপার লন্ডনভিত্তিক এক শেফের চরিত্রে অভিনয় করেছিলেন বার্নট ছবিতে এবং বলা হয়েছিল যে চরিত্রটি কিছুটা পিয়েরে হোয়াইট দ্বারা প্রভাবিত। অবশ্য ছবিটা বক্স অফিসে সফল হতে পারেনি।

 

সূত্র: দ্য গার্ডিয়ান