ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সময়ের জনপ্রিয় সব তারকার বিপরীতে কাজ করেছেন এ অভিনেত্রী। এরই মধ্যে অভিনয়ে নিজের জায়গা শক্ত করেছেন। যেকোনো উৎসব কেন্দ্র করে সে ব্যস্ততা বেড়ে যায় আরো দ্বিগুণ। তাই তো নির্মাতাদের পছন্দের তালিকায় তিনি আছেন এখন ওপরের দিকে। সামনে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বেড়েছে নাটকের ব্যস্ততা।
নিজের কাজের ব্যস্ততা নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘অভিনয় আমার প্যাশন। এ কাজের জন্যই আজ আমি কেয়া পায়েল। তাই অভিনয়ের গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি। তবে এখন আমি আগের তুলনায় কাজ অনেক কমিয়ে দিয়েছি। এর কারণ আমি বেছে বেছে কাজ করছি। সব ধরনের নাটকে এখন আর আমি অভিনয় করছি না। আগে গল্প পড়ি, তারপর সিদ্ধান্ত নিই কাজটি করব কিনা। আমি মনে করি, কাজ কম হোক, কিন্তু ভালো হোক। বিষয়টি মাথায় রেখে ভালোবাসা দিবসের জন্য বেশ কয়েকটি নাটকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি।’
এবারের ভালোবাসা দিবসে কেয়ার দুই থেকে তিনটি নাটক প্রচারের কথা রয়েছে। যার মধ্যে একটি নাটকের নাম ‘বাজি’। নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। এটি পরিচালনা করেছেন তৌফিক। নাটকটি নিয়ে বেশ আশাবাদী এ অভিনেত্রী।
কেয়া পায়েল বলেন, ‘এবারের ভ্যালেন্টাইনে আমার দুই থেকে তিনটি নাটক প্রকাশের কথা রয়েছে। এর মধ্যে বাজি আমার কাছে খুবই স্পেশাল। কারণ এর গল্প। দুর্দান্ত একটি কাজ হয়েছে। বাকি নাটকগুলো ভালো হয়েছে। তবে সেগুলো নিয়ে এখনই কিছু বলতে পারছি না। এগুলোয় দর্শকের জন্য সারপ্রাইজ রয়েছে। অপেক্ষা করুন। আশা করছি, আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। এছাড়া ফারহান অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা সবসময়ই ভালো। প্রতি বছরের এ সময় আমি ভালোবাসা দিবসের কাজ নিয়ে ব্যস্ত থাকি। এবারো তেমনটাই আছি।’
অভিনয়ের পাশাপাশি কেয়ার নিজের পার্লার নিয়েও রয়েছে ব্যস্ততা।










