সিনেমা নির্মাণের কলাকৌশল বদলে গেছে অনেক দিন হয়। এক সময় বড় ক্যামেরা নিয়ে নানা কসরত করে সিনেমা নির্মাণ হতো। ফিল্মের রিল কেটে, জোড়া দিয়ে তৈরি হতো চলচ্চিত্র। এরপর ডিজিটালি তা করা শুরু হয়। এখন মোবাইলেও তৈরি হয় সিনেমা। এক্ষেত্রে আইফোনে সিনেমা শুট করেন অনেক বড় পরিচালকও। আবার তরুণ নির্মাতারাও সিনেমা নির্মাণ করেন আইফোনে। সে ধরনের সিনেমা নিয়ে কাজ করে দ্য মুম্বাই একাডেমি অব মুভিং ইমেজ—মামি। তারা প্রতি বছর একটি আয়োজন করে ‘মামি সিলেক্ট’ নামে। সেখানে আইফোনে সিনেমা শুট করতে দেয়া হয় আগ্রহী তরুণ নির্মাতাদের। এবারো বসছে সে আসর।

ভারত থেকে তরুণ নির্মাতারা অংশ নেয়ার সুযোগ পান মামি সিলেক্টে। গত বছরের আয়োজন সফল হওয়ার কারণে এবারো তারা আয়োজন করছে সিনেমা নির্মাণের এ কার্যক্রম। আগ্রহীদের একটি আইফোন ১৬ ম্যাক্স প্রো দেয়া হবে সিনেমা শুট করতে এবং একটি ম্যাকবুক দেয়া হবে তা এডিট করার জন্য। এর মধ্য দিয়ে ভারতের তরুণদের সিনেমা নির্মাণে আগ্রহী করার পাশাপাশি তাদের সিনেমার দ্বার খুলে দেয়ার চেষ্টা করে মামি।

গত বছর কিছুটা মুম্বাইকেন্দ্রিক থাকলেও এবার আয়োজনে গুরুত্ব দেয়া হচ্ছে ভারতের বৈচিত্র্যকে। দেশটির বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগী ও নির্মাতারা আসবেন। তারা নির্মাণ করবেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ২০-৪০ মিনিট দীর্ঘ হবে এক-একটি চলচ্চিত্র। হিন্দি, মালয়ালম, মারাঠি ও তামিল ভাষায় নির্মাণ করা যাবে সিনেমা।

এবারের আয়োজনে রাখা হয়েছে চারজন নির্মাতার একটি বোর্ড। থাকছেন অভিনেত্রী-পরিচালক কঙ্কনা সেন শর্মা, মালয়ালম নির্মাতা লিজো হোসে পেলিসেরি, পরিচালক-প্রযোজক বিক্রমাদিত্য মোতওয়ানে ও তামিল সিনেমা নির্মাতা ভেট্রিমারান। তারা থাকবেন মেন্টর হিসেবে। তরুণ নির্মাতাদের প্রি-প্রডাকশন, পোস্ট-প্রডাকশন ও সিনেমা সম্পাদনায় তারা সাহায্য করবেন। তরুণদের এ উৎসবের আয়োজক ও পরিচালক শিবেন্দ্র সিং দুঙ্গারপুর। তিনি বলেন, ‘আমরা নতুন বছরে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের সুযোগ দেয়ার পাশাপাশি তাদের নির্মাণ উদযাপন করতে চাই। সে ইচ্ছা থেকেই আয়োজন হচ্ছে মামি সিলেক্ট। ভারতের সব রাজ্য ও অঞ্চল থেকে আমরা নির্মাতাদের আহ্বান করেছি। চারটি ভিন্ন ভাষায় তারা সিনেমা নির্মাণ করতে পারবেন।’

বিক্রমাদিত্য মোতওয়ানে বলেন, ‘এ আয়োজনের সঙ্গী হয়ে আমি দারুণ খুশি। প্রতি বছরই দেখি কী অসাধারণ গল্প আমাদের মধ্যে আছে তা এ রকম আয়োজনে দেখতে পাই।’ কঙ্কনা সেন শর্মা বলেন, ‘আয়োজনটি নিয়ে আমি উচ্ছ্বসিত। আশা করি, অসাধারণ সব তরুণদের সঙ্গে পরিচয় হবে এ প্লাটফর্মে।’

সূত্র: ইয়ন