বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি সৈয়দ আব্দুল হাদী। অনেক কালজয়ী গান তিনি উপহার দিয়েছেন। আধুনিক, দেশাত্মবোধক ও চলচ্চিত্রে গাওয়া তার অধিকাংশ গানই গেঁথে আছে ভক্ত-শ্রোতার মনে। বরেণ্য এ সংগীতশিল্পীর আজ ৮৫তম জন্মবার্ষিকী। তবে দিনটিকে ঘিরে কোনো পরিকল্পনা নেই। অবশ্য সৈয়দ আব্দুল হাদী জানান, কখনই তার জন্মদিন নিয়ে বিশেষ কোনো আয়োজন তিনি করেননি। সবাই দিনটিতে শুভেচ্ছা জানান, দোয়া করেন, এটাই তার বড় প্রাপ্তি।

সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘কখনই জন্মদিন নিয়ে বিশেষভাবে উদযাপনের আগ্রহ আমার ছিল না। এখনো নেই। পরিবারের সঙ্গে সময় কাটে। এটুকুই আমার ভালো লাগা। ৮৫তম জন্মবার্ষিকী এটা কোনো বিশেষ কিছু নয়। মানুষ বাঁচলে চলমান প্রক্রিয়ায় তার বয়স বাড়বে, এটাই স্বাভাবিক। এটাকে বিশেষায়িত করার কিছু নেই। আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুল্লিাহ। সবার কাছে দোয়া চাই, যেন সুস্থ থাকি ভালো থাকি। আরো কিছু ভালো ভালো গান যেন গেয়ে যেতে পারি।’

সৈয়দ আব্দুল হাদী কখনই প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব করে গান করেননি। গানকে ভালোবেসে গান করে গেছেন। গান গেয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছেন, এটাই তার কাছে বড় প্রাপ্তি। সৈয়দ আব্দুল হাদী তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যে অনার্স পড়ছেন। সেই বয়সেই মূলত চলচ্চিত্রে গান করার সুযোগ পান। ১৯৬০ সালে ‘ইয়ে ভি এক কাহানি’ সিনেমায় তিনি প্রথম প্লেব্যাক করেন। এ সিনেমায় করিম শাহাবুদ্দিনের সংগীত পরিচালনায় প্লেব্যাক করেছিলেন। এরপর আরো বেশ কয়েকটি উর্দু ছবিতে গান গাওয়ার পর ১৯৬৪ সালে পরিচালক মোস্তাফিজুর রহমানের সিনেমা ‘ডাক বাবু’ তে গান গাওয়ার মধ্য দিয়ে প্রথম বাংলা কোনো সিনেমায় গান গাওয়া তার। মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা ‘চাতুরী জানেনা মোর বঁধুয়া’ গানটি গেয়েছিলেন আলী হোসেনের সুরে। গানটি সে সময় ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। সৈয়দ আব্দুল হাদী সবচেয়ে বেশি ডুয়েট গান করেছেন সাবিনা ইয়াসমিনের সঙ্গে। প্রয়াত সুবল দাসের অনুপ্রেরণায় সংগীত পরিচালনা করেছিলেন ‘ফেরারী’ নামের একটি সিনেমার। একটি সিনেমায় গানও লিখেছিলেন তিনি। সিনেমার নাম ‘তানসেন’। পরে ভেবে দেখলেন আসলে এ কঠিন দুটি কাজ তার নয়। তার মূল কাজই হচ্ছে গান গাওয়া। তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় গান গাওয়ার জন্য। ২০০০ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

জন্মদিন নিয়ে শিল্পীর নিজের কোনো পরিকল্পনা না থাকলেও ভক্তদের আছে। টিভি চ্যানেলের আছে। আজ চ্যানেল আইয়ে সকালে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন উপলক্ষে সংগীত পরিবেশন করবেন আলাউদ্দিন, মহারাজা ও শানু। সৈয়দ আব্দুল হাদীর হাত ধরেই এনটিভিতে সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘কিছু কথা কিছু গান’ ও পরবর্তী সময়ে বাংলাভিশনে ‘গানে গানে দেশে দেশে’ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তবে এ দুই অনুষ্ঠানের কোনোটার সঙ্গেই আপাতত আর সৈয়দ আব্দুল হাদীর কোনো সম্পৃক্ততা নেই। বিগত অর্ধ যুগেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ টেলিভিশনে এখনো প্রচার চলতি সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’র সঙ্গেই সম্পৃক্ত আছেন।

তিনি বলেন, ‘আপাতত বিটিভির স্মৃতিময় গানগুলোর সঙ্গেই সম্পৃক্ত আছি। যেহেতু আমি একজন সংগীতশিল্পী, সারা জীবন গানই গেয়েছি। তাই গানের এ ধরনের অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে ভালো লাগে। কারণ এখন তো বলা যায় অনেক অবসর সময়। এ অনুষ্ঠানে গেলে ভীষণ ভালো লাগে, অনেকের সঙ্গে দেখা হয়, কথা হয়। গল্প করি, ভালো লাগে। সবচেয়ে বড় কথা অনেক স্মৃতিচারণ হয় এ স্মৃতিময় গানগুলোর অনুষ্ঠানকে ঘিরে।’