রবার্ট প্যাটিনসন ও পরিচালক ক্রিস্টোফার নোলান এ বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি ভারতের মুম্বাই শহরে তাদের চলচ্চিত্র টেনেট-এর শুটিংয়ের জন্য এসেছিলেন। প্রায় তিন মাস পর নির্মাতা ছবির প্রথম ট্রেইলার প্রকাশ করেছেন। ট্রেইলার প্রকাশের আগে তিনি জেমস বন্ডের কাছ থেকে অনুপ্রেরণা নেন বলেও সম্প্রতি জানান। এ ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জন ডেভিড ওয়াশিংটন।
টেনেট-এর প্রথম ট্রেইলারে ডেভিড ওয়াশিংটনকে কয়েকটি উচ্চমাত্রার স্ট্যান্ট দিতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, তিনি সবচেয়ে কঠিন শারীরিক পরীক্ষাগুলোয় উত্তীর্ণ হন। এরপর তাকে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে একটি মিশনে পাঠানো হয়।
টেনেট ছবিতে আরো অভিনয় করেছেন বলিউডের ববিখ্যাত অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া। টেনেটের ট্রেইলারে তাকে ট্র্যাডিশনাল সবুজ পোশাকে দেখা গেছে। ছবির ট্রেইলারে শক্তিশালী উপস্থিতি রয়েছে এ অভিনেত্রীর। অবশ্য ভিডিওতে রবার্ট প্যাটিনসন ও মাইকেল কেইনেরও যথেষ্ট প্রভাব লক্ষ করা যায়। এর আগে মুম্বাইয়ের রাস্তায় জনের সঙ্গে এ অভিনেত্রীর শুটিংয়ের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তবে এটাই হলিউডে ডিম্পল কাপাডিয়ার প্রথম ছবি নয়। এর আগে ২০০২ সালে লীলা ছবিতে অভিনয় করেন তিনি। অন্যদিকে টোয়ালাইটখ্যাত রবার্ট প্যাটিনসন এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো নোলানের সঙ্গে কাজ করলেন।
পরিচালনার পাশাপাশি টেনেট-এর গল্প ও চিত্রনাট্য নোলানের করা। ছবির প্রযোজনা করেছেন ক্রিস্টোফার ও তার স্ত্রী এমা থমাস। সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন হয়তে ভ্যান হয়েতেমা। পরিচালক ক্রিস্টোফারের জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে ইনসেপশন, ইন্টারস্টেলার, দ্য ডার্ক নাইট, ডানকার্কসহ আরো বেশ কয়েকটি চলচ্চিত্র। মূলত, টেনেট তার পরিচালিত ডানকার্ক-এর পরের ছবি। টেনেট-এর টিম ভারতে ১০ দিন শুটিং করেছিল। এটি মূলত অ্যাকশন ঘরানার ছবি। আন্তর্জাতিক চর চক্রের কাহিনীনির্ভর এ ছবিতে আরো অভিনয় করেছেন এলিজাবেথ ডেবিকি, কেনেথ ব্রানাঘ, অ্যারন টেইলর জনসন, হিমেশ পাটেল, ডেনজিল স্মিথ, ক্লিমেন্স পোয়েজিও। আগামী বছর জুলাইয়ে ছবিটি মুক্তি দেয়ার কথা রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে










