পরিচালক রাজকুমার হিরানীর সিনেমা ‘সাঞ্জু’। মুক্তি পায় ২০১৮ সালে। অভিনেতা সঞ্জয় দত্তর জীবনী অবলম্বনে নির্মিত সিনেমাটি। সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। তবে অনেকে মনে করেন এ সিনেমার মধ্য দিয়ে সঞ্জয়ের পক্ষে সাফাই গাওয়া হয়েছে। মূলত ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলায় অভিযুক্ত ছিলেন সঞ্জয়। এজন্য তাকে পাঁচ বছর জেলও খাটতে হয়েছে। এছাড়া মাদক ও নারী কেলেঙ্কারিও রয়েছে তার নামে। কিন্তু সিনেমায় সঞ্জয়কে আলাভোলা দেখানোর একটা চেষ্টা করা হয়েছে। ব্যাপারটা এমন যে তিনি প্রায় সবই করেছেন পরিস্থিতিতে পড়ে। এ নিয়ে সম্প্রতি মুখ খুললেন রাজকুমার হিরানী। নির্মাতা বললেন, তিনি কেবল সঞ্জয়ের গল্পটা নিয়েই আগ্রহী ছিলেন।
সম্প্রতি কোমল নাহতার শো গেম চেঞ্জার্সে এসেছিলেন হিরানী। সেখানে তিনি বলেন, ‘সাঞ্জুর প্রতি আমি আগ্রহী হই সঞ্জয়ের মুখ থেকে তার গল্পটা শুনে। সঞ্জয় যখন প্যারোলে বের হলো, তখন একদিন সে আমাকে ফোন কল করে। জানতে চায়, আমি কী করছি। তারপর দেখা করতে বলে। আমিও তার সঙ্গে দেখা করি। এ সময়ে সঞ্জয় কারো সঙ্গে তেমন একটা দেখা করত না।’
রাজকুমার হিরানী জানান, সে সময় সঞ্জয় নিজেকে কিছুটা বন্দি করে রাখতেন। তারা নিজেরাও খুব ভালো বন্ধু ছিলেন না। হিরানী বলেন, ‘সঞ্জয়ের সঙ্গে দুটো সিনেমা করার পরও আমরা খুব ভালো বন্ধু ছিলাম না। কোনো সন্ধ্যায় দীর্ঘ সময় তার সঙ্গে গল্প করার স্মৃতি আমার নেই। কিন্তু ওইদিন সে আমার কাছে তার মনের কথা বলেছিল। নিজের কথা, তার বাবার কথা।’
হিরানী জানান, বিষয়টা বেশ কয়েক দিন চলেছিল। পুরো বিষয়টা হিরানীকে ধাক্কা দেয়। তিনি বলেন, ‘এ বিষয় আমার মনের মধ্যে অন্যভাবে ধরা দেয়। আমরা মুন্না ভাই নিয়ে কাজ করছিলাম, কিন্তু ওর গল্প থেকে বাবা-ছেলের সম্পর্কের একটা সূত্র আমার কাছে আসে। সেটা দারুণ মনে হয়েছিল। তারপর আমি সঞ্জয়ের পরিবারের সঙ্গে পরিচিত হই আর পুরো বিষয়টা থেকে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিই।’
সঞ্জয় দত্তর চরিত্র সাদা করার জন্য সিনেমাটি নির্মাণ করেননি বলে জানান হিরানী। তিনি বলেন, ‘আমাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, সঞ্জয়ের চরিত্র ভালো দেখাতে সিনেমাটি বানিয়েছিলাম কিনা। বিষয়টা কখনো এমন ছিল না। তার চরিত্রের মন্দ দিকও এ সিনেমায় দেখানো হয়েছে। সঞ্জয় যা, সিনেমায় আমরা তা-ই দেখিয়েছি। আমি তার পুরো গল্প নিয়েই আগ্রহী ছিলাম।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










