প্রতি বছরের মতো এবারো বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে বাংলাভিশন টিভি পর্দায় থাকছে বিশেষ আয়োজন। এর মধ্যে রয়েছে দুটি বিশেষ নাটক, বাংলা সিনেমা ও আলোচনা অনুষ্ঠানের বিশেষ পর্ব। ভালোবাসা দিবসের নাটকগুলোয় অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রী।

১২ ফেব্রুয়ারি রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে নাটক ‘বউ সোহাগী’। সুজিত বিশ্বাসের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানহা তাসনিয়া। নাটকের গল্পে দেখা যাবে, গ্রামের ছেলে হেকমত সরদার। ছোটবেলা থেকেই বেশকিছু বিষয় নিয়ে তার ফোবিয়া রয়েছে। এর মধ্যে রয়েছে পিঁড়ি ও নারী। এজন্য বিয়ে করতেও ভয় পায় সে। কিন্তু তার মায়ের খুব ইচ্ছে ছেলের বউ দেখা। ছেলে হেকমতের এ ধরনের ফোবিয়া থাকায় মায়ের সে ইচ্ছে পূরণ হচ্ছিল না। একদিন বাড়িতে হেকমতের শৈশবের বন্ধু আরিফকে ডেকে আনে তার মা। সে সময় ঘর থেকে বের হয়ে বাজারে নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাচ্ছিল হেকমত। হঠাৎ বাড়িতে বন্ধুকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় সে। তখন তার মা ও বন্ধু আরিফুল তাকে পাশের গ্রামে নিয়ে যাওয়ার কথা বলে। এটি শোনার সঙ্গে সঙ্গেই কান্না শুরু করে হেকমত। মা ধমক দিয়ে থামায় তাকে। কিন্তু সে কোনোভাবেই যেতে রাজি হয় না। তাই সে ঘরের খুঁটি ধরে রাখে, যেন তাকে কেউ নিয়ে যেতে না পারে। এক পর্যায়ে বন্ধু আরিফুল ও তার মাসহ কয়েকজন হেকমতকে দড়ি দিয়ে বেঁধে অটো রিকশায় করে নিয়ে যায় বিয়ে করাতে। গল্পের বাকি অংশ জানতে দর্শককে চোখ রাখতে হবে নাটকটির শেষ পর্যন্ত।

১৩ ফেব্রুয়ারি রয়েছে আরেকটি নাটক। নাটকের নাম ‘নার্ভাস কাপল’ প্রচার হবে রাত ৯টা ২০ মিনিটে। মুহাম্মদ আবু রাজীনের রচনা ও এসআর মজুমদারের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, আইশা খানসহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, এক সপ্তাহ আগেই সারা ও সাহিলের এনগেজমেন্ট হয়েছে। আজ তাদের বিয়ের তারিখ ফাইনাল হয়েছে। দুই পরিবারের মুরুব্বীরা বাসায় ড্রইং রুমে নিজেরা কথা বলছেন, অন্য রুমে সারা ও সাহিল বিছানায় পাশাপাশি বসে আছে। এ সময় তাদের মাঝে কিছুটা লজ্জা ও জড়তা দেখা যায়। এক পর্যায়ে সাহিল বিছানা ছেড়ে উঠে হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ শুরু করে। সারা বিষয়টায় খুব অবাক হয়। এরপর সে একটু একটু করে সারার কাছে ঘেঁষতে থাকে। গল্পের বাকি অংশ দেখতে দর্শককে চোখ রাখতে হবে নাটকটির শেষ পর্যন্ত।

এছাড়া ‘মিউজিক ক্লাব’-এর বিশেষ আয়োজনে রয়েছে সরাসরি মিউজিক্যাল শো। এটি প্রচার হবে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ২৫ মিনিটে। এতে গান গাইবেন হৃদয় খান।