২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’। এ সিনেমায় এলিনা শাম্মী খল অভিনেতা শিবা সানুর স্ত্রীর চরিত্রে অর্থাৎ শাকিব খানের ভাবির চরিত্রে অভিনয় করেছিলেন। চরিত্রটিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন শাম্মী। আবার কিছুদিন আগে অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ সিনেমায়ও একজন ইনভেস্টিগেশন অফিসারের চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। কিছুদিন আগে থেকেই শাম্মী সিনেমায় বেশি মগ্ন থাকছেন। এ কারণে এক সময়ের টিভি অভিনেত্রী এখন সিনেমা ছাড়া আপাতত আর কোনোকিছু নিয়ে নিজেকে ব্যস্ত করতে চাচ্ছেন না। এদিকে এরই মধ্যে তিনি জানালেন, ২০২৫ সালের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমাটি তারই অভিনীত। অর্থাৎ ২০২৫ সালের ৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে তানভীর হাসান পরিচালিত সিনেমা ‘মধ্যবিত্ত’। এর গল্প এগিয়েছে রানু নামের এক মেয়ের সুখ-দুঃখ ভালো লাগা মন্দ লাগা নিয়ে। অর্থাৎ রানুর সংগ্রামী জীবনের গল্প নিয়েই এগিয়ে যায় মধ্যবিত্ত সিনেমার গল্প। এর মুক্তির মধ্য দিয়েই ২০২৫-এ আবারো শুভ সূচনা হচ্ছে এলিনা শাম্মীর। তিনি বলেন, ‘ভীষণ ভালো লাগছে যে নতুন ইংরেজি বছরে মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমাটাই আমার অভিনীত। এটা আসলে কীভাবে হয়ে গেল আমার জানা নেই। তবে নিঃসন্দেহে এটা আমার অনেক ভালো লাগার বিষয়। কারণ বছরের প্রথম আমার অভিনীত সিনেমা। মধ্যবিত্ত সিনেমাটির গল্প মূলত আমার চরিত্রকে (রানু) ঘিরেই। আমি সর্বাত্মক চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। অনেক কষ্ট করেছি, অনেক শ্রম দিয়েছি। পরিচালকও অনেক কষ্ট করেছেন। সবাই মিলে আসলে মধ্যবিত্তকে দর্শকের মনের মতো, ভালো লাগার মতো একটি সিনেমা করারই চেষ্টা করেছি। আমি আশাবাদী মধ্যবিত্ত নিয়ে। কারণ এটি আমাদের যাপিত জীবনেরই গল্প। যে কারণে আমার মনে হয়, সবারই সিনেমাটি হলে গিয়ে উপভোগ করা উচিত।’ এদিকে এলিনা শাম্মী এরই মধ্যে শেষ করেছেন অপূর্ব রানার ‘জলরঙ’, সৈয়দ সাখাওয়াত হোসেনের ‘অপুর বসন্ত’, জেসমিন আক্তার নদীর ‘চৈত্র দুপুর’ সিনেমার কাজ। এ তিন সিনেমায়ই শাম্মী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এ মুহূর্তে তিনি আপাতত নাটক রচনার কাজ থেকে দূরে আছেন। ব্যস্ত আছেন সিনেমার কাজ নিয়ে। জাহিদ হোসেন পরিচালিত ‘লীলামন্থন’ সিনেমায়ও কাজ করছেন। ২০২৫-এর শুরুতে এ সিনেমারই কাজ করবেন বলে জানালেন তিনি। শাম্মী অভিনীত প্রথম সিনেমা শাহ আলম কিরণ পরিচালিত মুক্তিযুদ্ধের সিনেমা ‘৭১-এর মা জননী’। এতে তিনি সহশিল্পী হিসেবে আগুন, নিপুণকে পেয়েছিলেন।
নতুন বছরে এলিনা শাম্মীর প্রথম সিনেমা ‘মধ্যবিত্ত’
২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় হিমেল আশরাফ পরিচালিত সিনেমা ‘প্রিয়তমা’।










