আগামীকাল বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রতিষ্ঠাবার্ষিকী। বিটিভির জন্মদিনও বলা হয়। এ বছরের জন্মদিনটি বিটিভির জন্য বিশেষ, কেননা এটি বিটিভির হীরকজয়ন্তী (৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী)। এ উপলক্ষে বিটিভি সাজবে নিজস্ব সাজে। সেই সঙ্গে থাকছে বিশেষ আয়োজন। একটি নাটক থাকছে এবং পাশাপাশি থাকছে চ্যানেল আইয়েরও বিভিন্ন আয়োজন।

আগামীকাল রাত ৯টা ০৫ মিনিটে বিটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘সোনার সিন্দুক’। আলী ইমরানের রচনা ও আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, গোলাম কিবরিয়া, আজম খান, ফারুক আহমেদ, মাসুদ রানা মিঠু, ওবায়দুর রহমান, তাবাসসুম মিথিলা, গাউস-উল-আবেদীন, আলমগীর রহমান, দুরন্ত সাহা, অপর্ণা চৌধুরীসহ আরো অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, অলংকারপুরের জমিদার বাড়িটির সেই আগের জৌলুস আর নেই। পরিবারের কেউ আর এখানে থাকে না। লাঠিয়াল হাশেম সর্দার লাঠি হাতে দিনরাত পাহারা দেয় এ জমিদার বাড়ি। জমিদার রাজা চৌধুরীর উইল করা ট্রাস্টেই চলে গ্রামের স্কুল, মসজিদ ও মাদ্রাসা। ট্রাস্টের শর্তে আছে জমিদারি থেকে অর্জিত সম্পদের অর্ধেক পাবে শুধু এ বংশের সৎ, চরিত্রবান, শিক্ষিত সন্তানরা। রাজা চৌধুরীর ছোট ছেলের একমাত্র সন্তান সোহেল চৌধুরী বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। সে এ জমিদার বাড়িতেই থাকতে চায়। উইলের শর্তমতো সে যদি নিজেকে সৎ ও চরিত্রবান প্রমাণ করতে পারে, তাহলে পাবে ট্রাস্টের টাকা ও একটি সোনার সিন্দুক। সদ্যবিবাহিতা স্ত্রীসহ সোহেল চৌধুরী জমিদার বাড়িতে এলে ট্রাস্টি বোর্ডের সভাপতিসহ গ্রামবাসী তাদের সাদরে গ্রহণ করে।

এ নিয়েই এগিয়ে যায় নাটকের গল্প। বিটিভির পরিচিত ধারা অনুসারেই এ নাটক নির্মিত হয়েছে। বিটিভির বৈশিষ্ট্য পাওয়া যাবে নাটকটিতে। সাদিয়া ইসলাম মৌ এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। দর্শকের জন্য চমক থাকছে নাটকে।

এছাড়া গত বছরগুলোর মতোই বাংলাদেশ টেলিভিশনের জন্মদিন উপলক্ষে এবারো চ্যানেল আই প্রাঙ্গণে বসবে তারকার মেলা। প্রতি বছরই বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে সম্পৃক্ত শিল্পী-কলাকুশলী, নির্মাতা, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে শীতের সকাল হয়ে ওঠে আলোকোজ্জ্বল। গান-স্মৃতিচারণ ও আড্ডায় জমে ওঠে এর প্রাঙ্গণ। এ এক আনন্দযজ্ঞও বটে। দীর্ঘদিন পর অনেকের সঙ্গে দেখা হয়। আনন্দে নেচে ওঠে মন। এবারো সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হবে আনুষ্ঠানিকতা।

থাকছে একটি বিশেষ আয়োজন। প্রকাশ হবে আহমেদ রেজাউর রহমানের লেখা ‘তারিখ অভিধান’। বাংলাদেশ টেলিভিশনের নানা অনুষ্ঠানের প্রচারসময় নিয়ে গ্রন্থটি। তথ্যবহুল এ বইয়ে ১৯৭১-৮০ সাল পর্যন্ত সময়কে তুলে ধরা হয়েছে। লেখক জানান, এর ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় খণ্ড প্রকাশেরও ইচ্ছা রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি প্রয়োজনীয় হবে বলে জানান প্রকাশক মনিরুল হক।

একটি বিশেষ গানও থাকছে। গানটি লিখেছেন ও সুর করেছেন নন্দিত গীতিকার-সুরকার মিল্টন খন্দকার। গেয়েছেন রুমানা ইসলাম, রিজিয়া পারভীন, হাসান চৌধুরী, আলম আরা মিনু, মুহিন খান, সাব্বির জামান ও স্বরলিপি। গানের শুরুটা এমন, ‘দুচোখ ছাড়াও তোমার চোখে দেখেছি জগতের সব, তোমার মাঝেই লাল সবুজের অস্তিত্বের অনুভব’। আগামীকাল থেকেই বিটিভির পিলার সং হিসেবে ‘বাংলাদেশ টেলিভিশন’ শিরোনামের গানটি প্রচার হবে।