বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ উৎসবে দেশীয় নির্মাতাদের কাজ প্রশংসিত হচ্ছে, অর্জিত হচ্ছে গুরুত্বপূর্ণ স্বীকৃতি। নতুন প্রজন্মের নির্মাতাদের ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলী বাংলাদেশী সিনেমাকে বিশ্বদরবারে আরো দৃঢ়ভাবে তুলে ধরছে।
এ ধারাবাহিকতায় বাংলাদেশী নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ জার্মানির মর্যাদাপূর্ণ ফিল্মফেস্ট ব্রেমেনে ডাইভার্সিটি অ্যাওয়ার্ড অর্জন করেছে। ১৯ এপ্রিল ব্রেমেন শহরে অনুষ্ঠিত ২০২৬ সালের আসরের পুরস্কার বিতরণীতে প্রতিযোগিতা বিভাগে ‘আই অ্যাম আলী’ শীর্ষক সিনেমা এ সম্মাননা পায়।
পুরস্কার গ্রহণের পর ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘যেকোনো স্বীকৃতি কাজের আনন্দকে বাড়িয়ে দেয়। এ স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবার প্রতি কৃতজ্ঞ। চলচ্চিত্রটি তাদের জন্য, যাদের কণ্ঠ অনেক সময় শোনা যায় না। আমি এ অর্জন আমার টিম ও আমার দেশকে উৎসর্গ করছি।’
ফিল্মফেস্ট ব্রেমেন ইউরোপের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যেখানে বৈচিত্র্য, পরিচয় ও প্রান্তিক মানুষের গল্পকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। ডাইভার্সিটি অ্যাওয়ার্ড সেসব কাজকে স্বীকৃতি দেয়, যা সমাজের ভিন্ন বাস্তবতাকে সৃজনশীলভাবে তুলে ধরে।
উল্লেখ্য, এর আগে চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসব ২০২৫-এ শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে। ছবিতে অভিনয় করেছেন আল-আমিন, যেখানে উপকূলীয় সমাজে লিঙ্গবৈষম্য ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্ন তুলে ধরা হয়েছে।
আলীর এ অর্জন শুধু একটি চলচ্চিত্রের সাফল্য নয়, বরং বাংলাদেশী সিনেমার বৈশ্বিক অগ্রযাত্রার আরেকটি মাইলফলক। এটি প্রমাণ করে, শক্তিশালী গল্প ও নির্মাণশৈলী থাকলে দেশীয় চলচ্চিত্র বিশ্বমঞ্চেও সমানভাবে সমাদৃত হতে পারে।










