সর্বকালের সেরা ছবি অ্যাভাটার-এর বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়ে রুশো ব্রাদারস পরিচালিত অ্যাভেঞ্জার্স: এন্ড গেমই এখন বিশ্বব্যাপী সর্বাধিক অর্থ উপার্জনকারী ছবি। মার্ভেল কমিকসের এ ছবির সাফল্যে অ্যাভাটারের পরিচালক জেমস ক্যামেরনও আনন্দ প্রকাশ করেছিলেন। তবে এবার এ নির্মাতা জানিয়েছেন, অ্যাভাটার টু ছবির মাধ্যমে বক্স অফিসে তার পুরনো রেকর্ড আবার ফিরিয়ে আনবেন তিনি।
সম্প্রতি অ্যাভাটার ছবির ১০ বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাত্কারে অ্যাভেঞ্জার্স: এন্ড গেম সম্পর্কে জেমস ক্যামেরন বলেন, ‘এ ছবি আমার মধ্যে আশার সঞ্চার করেছে। কারণ ছবিটির মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে, দর্শক এখনো থিয়েটারে গিয়ে ছবি দেখছে। আসলে অ্যাভাটার টু এবং অ্যাভাটার থ্রি তৈরির পরিকল্পনা করতে গিয়ে এ বিষয়টি নিয়ে আমি বেশ চিন্তিত ছিলাম। কারণ এখন চলচ্চিত্রের বাজারে পরিবর্তন ঘটেছে। দর্শকরা আগের মতো হলে গিয়ে ছবি দেখবে কিনা শঙ্কা কাজ করছিল। এ ছবির মাধ্যমে দর্শক আবার হলমুখী হয়েছে। বিষয়টি আমাদের উদযাপন করা উচিত।’
এ সাক্ষাত্কারে ক্যামেরন আনন্দ প্রকাশ করলেও একটি বার্তা দিতে ভুল করেননি। তাহলো বিশ্বব্যাপী সর্বাধিক অর্থ উপার্জনকারী ছবি হিসেবে বক্স অফিসে অ্যাভাটার যে রেকর্ড গড়েছিল, তা নাকি তিনি পুনরুদ্ধার করবেন অ্যাভাটার টুর মাধ্যমে। এরই মধ্যে এ নিয়ে তিনি তার যাবতীয় পরিকল্পনাও সাজিয়েছেন। আশা প্রকাশ করে বলেছেন, তার পরিচালিত অ্যাভাটার টু ছবির মাধ্যমে বক্স অফিসের আগের রেকর্ড আবার ফিরে আসবে। ক্যামেরন বলেন, ‘আমি নিশ্চিত যে অ্যাভাটার টু বক্স অফিসে অ্যাভেঞ্জার্স: এন্ড গেম ছবিটিকে অতিক্রম করে যাবে।’










