গত বছর ঢাকাই সিনেমা তেমন ব্যবসা করতে না পারলেও শাকিব খানের ‘তুফান’ ছিল বেশ আলোচনায়। সিনেমাটি দেশ ও দেশের বাইরে আলোচনার জন্ম দিয়েছে। তুফান ছাড়া তেমন সাড়া জাগাতে পারেনি অন্য সিনেমা। গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থান ও পরবর্তী কয়েক মাস সিনেমা মুক্তি একেবারে বন্ধ থাকে। এরপর বছরের শেষ অংশে এসে সিনেমা মুক্তি পেতে শুরু করে। তবে ২০২৫-এ দর্শক মাতাতে আসছে বেশ কয়েকটি সিনেমা ও ওয়েব ফিল্ম

মধ্যবিত্ত

এ বছরের শুরুতেই মুক্তি পাবে ‘‌মধ্যবিত্ত’ সিনেমাটি। এরই মধ্যে এর অফিশিয়াল ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে ফুটে উঠেছে মধ্যবিত্ত মানুষের নানা অভিযোগ, দুঃখ-কষ্ট, বিভিন্ন সমস্যা, সংগ্রাম, হতাশা এবং বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও শারীরিক মানসিক নিপীড়নের গল্প।

শহর ও গ্রামের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনাচার ও দুঃখ-কষ্টের গল্প নিয়ে মধ্যবিত্ত আসছে এ বছরের ৩ জানুয়ারি।

নীলচক্র

এ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। আরো রয়েছেন সংগীত শিল্পী বালাম। এই প্রথমবার তাকে সিনেমায় দেখতে পাবে দর্শক।

‘নীলচক্র’ কোনো নায়ক-নায়িকানির্ভর সিনেমা নয়, গল্পনির্ভর সিনেমা বলা যায়। গ্লোবাল ট্রু ক্রাইম স্টোরি। সম্প্রতি আমেরিকান ফিল্ম মার্কেটে অনুষ্ঠিত হয়েছে এর আন্তর্জাতিক প্রিমিয়ার। এতে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, দীপান্বিতা মার্টিন, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ানসহ আরো অনেকে।

হাউ সুইট

এ বছর ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাতা কাজল আরেফিনের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ মুক্তি পাবে। জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ অভিনীত রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা হাউ সুইট। তাসনিয়া ফারিণ বড় পর্দায় অভিষেকের পর থেকে তার অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন। হাউ সুইট সিনেমাটি নিয়ে খুবই আশাবাদী ফারিণের দর্শক অনুসারীরা।

ঘুমপরী

সংগীতশিল্পী প্রীতম হাসান নতুন বছরে নতুন করে পর্দা মাতাতে আসছেন ‘ঘুমপুরী’ ওয়েব ফিল্ম নিয়ে। এতে তার বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে। এ বছর ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি। সংগীতশিল্পী হিসেবে প্রীতম হাসান যেমন গোছালো কাজ করেন, অভিনেতা হিসেবেও তিনি বেশ সাবলীল। সিনেমাপ্রেমীরা প্রীতমের নতুন সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত।

পিনিক

নিজের চিরচেনা রূপ বদলে নতুন রূপে ধরা দিতে চলেছেন ঢালিউড নায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের দীর্ঘ আট বছর পর ভিলেন চরিত্রে অভিনয় করতে চলেছেন এ নায়িকা।

‘পিনিক’ সিনেমার মাধ্যমে প্রথমবার খল চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ সিনেমায় অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আদর আজাদকে। সিনেমাটি নিয়ে সংশ্লিষ্ট সবাই খুব আশাবাদী। গত বছর বুবলী সিনেমায় তেমন ভালো না করতে পারলেও এ বছর নতুন সিনেমা নিয়ে আশাবাদী তিনি।

বরবাদ

শাকিব খানের নতুন সিনেমা ‘বরবাদ’-এর শুটিং শুরু হয়েছিল গত বছর ২০ অক্টোবর। এর বেশির ভাগ শুটিং মুম্বাইয়ে হয়।

এ বছর ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। এরই মধ্যে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমার ফাস্টলুক মোশন পোস্টার প্রকাশ হয়েছে। বরবাদ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি গড়তে দেখা যাবে শাকিব খান ও ইধিকা পালকে। এছাড়া আছেন যিশু সেনগুপ্ত ও নুসরাত জাহান। শাকিব খানের সিনেমা মানেই দর্শকের অন্য রকম ভালো লাগার খবর। তাই শুটিং শুরু থেকে এখন পর্যন্ত বেশ আলোচনায় রয়েছে তার এ সিনেমা।

দাগি

অভিনেতা আফরান নিশো ‘দাগি’ নামের একটি সিনেমা করছেন, এমন খবর শোনা যাচ্ছিল কয়েক মাস ধরেই। সিনেমাটি বানাচ্ছেন শিবাব শাহীন। নিশোর জন্মবার্ষিকীতে দাগি সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেয় নিশো। সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্লাটফর্ম চরকি। এরই মধ্যে দাগির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ হয়েছে। যেখানে দেখা গেছে, নায়ক নিশোর এ সিনেমায় আছেন দুই নায়িকা। তারা হলেন তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। দাগি মুক্তি পাবে আগামী রোজার ঈদে। নিশোর নতুন সিনেমা নিয়ে তার অনুরাগীদের আগ্রহ চরমে। প্রচার-প্রচারণায় শুরু থেকে এগিয়ে রয়েছে সিনেমাটি।