বড়দিন নিয়ে সেরা সিনেমাগুলোর একটি ‘হোম অ্যালোন’। ১৯৯০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি আজও জনপ্রিয়। দুই বছরের মাথায় মুক্তি পায় এর দ্বিতীয় পর্ব। ক্রিস কলম্বাস পরিচালনা করেছেন সিনেমা দুটি। এখনো প্রতি বছর বড়দিনে কোনো না কোনো টেলিভিশন চ্যানেলে সিনেমা দুটি প্রচার হয়। কিন্তু এ সিনেমা নিয়ে একসময় বিভ্রান্ত ছিলেন ক্রিস কলম্বাস। মূলত সিনেমা নির্মাণের আগে প্রাথমিক আলোচনা ও সিনেমার বাড়িটি নিয়েও নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে সময় লেগেছিল তার।

সম্প্রতি গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টারের সঙ্গে এক সাক্ষাৎকারে অংশ নেন ক্রিস, সেখানেই সিনেমার প্রাথমিক গল্পগুলো সামনে আনেন। তিনি জানান, অভিনেতা চ্যাভি চেজের সঙ্গে এক মিটিং থেকেই সিনেমাটির সঙ্গে যুক্ত হন তিনি। এছাড়া এর আগে শিকাগোর জন হিউ তাকে একটি চিত্রনাট্য পাঠিয়েছিলেন। সে চিত্রনাট্য থেকে সিনেমা নির্মাণ করতে বলেছিলেন ক্রিসকে। হিউ নিজে সিনেমাটি প্রযোজনা করবেন এমন কথা ছিল। কলম্বাসের তখন কয়েকটি সিনেমা পরপর ফ্লপ করেছে। তিনি খুঁজছিলেন ভালো একটা চিত্রনাট্য। সিনেমা নির্মাণের বিষয়ে তাই তিনি রাজি হয়ে যান।

32

কিন্তু চ্যাভি চেজের সঙ্গে বসার পর থেকেই বিভ্রান্ত হন কলম্বাস। তিনি বলেন, ‘আমি তাকে (চেজ) নানা বিষয়ে প্রশ্ন করছিলাম। কিন্তু তিনি সেসবের কোনো উত্তর দিচ্ছিলেন না। এমনকি ৪০ মিনিট কথা বলার পর তিনি হুট করে জানতে চাইলেন আমি সিনেমার পরিচালক কিনা। এমন ঘটনা আমার জীবনে আগে কখনো হয়নি। তার চেয়েও বড় কথা তিনি নাকি ভেবেছিলেন আমি একজন ড্রামার।’

এ ঘটনার পর হিউ আরেকটি বৈঠকের আয়োজন করেন। সেখানে পরিস্থিতি আরো ঘোলা হয়। কলম্বাস বলেন, ‘দ্বিতীয় বৈঠক আরো বাজে মোড় নেয়। চ্যাভি আমাকে রীতিমতো অবজ্ঞা করছিলেন। আমি যতবার সিনেমার প্রসঙ্গে কথা বলতে চেষ্টা করেছি, তিনি কান দেননি। অন্য কোনো আলাপ শুরু করেছেন। বিষয়টা কোথায় যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না।’

এ ঘটনার এক সপ্তাহ পর হিউ আবার কলম্বাসকে একটি চিত্রনাট্য পাঠান। সেটি ছিল হোম অ্যালোন। সিনেমার মূল চরিত্র কেভিন হিসেবে হিউ কাস্ট করতে চেয়েছিলেন ম্যাকলি কালকিনকে। এ বিষয়ে নিশ্চিত ছিলেন না কলম্বাস। এ সিনেমার মূল চরিত্রের জন্য কলম্বাস প্রায় ৩০০ শিশুর সঙ্গে দেখা করেছেন। তাদের সিনেমার জন্য উপযুক্ত মনে হয়নি এবং শেষে ম্যাকলিকেই নেয়া হয়। এজন্য হিউয়ের প্রশংসাও করেন কলম্বাস। এ সিনেমার জন্য একটা দারুণ বাড়ি প্রয়োজন ছিল। কিন্তু ম্যাকঅ্যালিস্টারদের সে রকম একটা বাড়ি দেয়ার জন্য তাদের পেশাগত কিছু পরিচিতিও প্রয়োজন। এ নিয়েও বিভ্রান্ত ছিলেন হিউ। কোন পেশার জুটি এমন বাড়ির মালিক হতে পারে? হিউ তাকে বলেছিলেন কেটকে একজন সফল ফ্যাশন ডিজাইনার হিসেবে দেখানো যায়। তবে পিটার ম্যাকঅ্যালিস্টারকে নিয়ে নিশ্চিত ছিলেন না হিউ নিজেও। পরে তাকে বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা হিসেবে দেখানোর চিন্তা করা হয়।

সূত্র: দ্য হলিউড রিপোর্টার