বাংলা ভাষার ছবির জগতে কিংবদন্তি নাম সৌমিত্র চ্যাটার্জি। বেশ কিছুদিন ধরে প্রখ্যাত এ অভিনেতার বর্ণাঢ্য জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন অনেক নির্মাতা। কিন্তু শেষ পর্যন্ত সবার আগে তা বাস্তবে রূপ দেয়ার সুযোগ পেয়েছেন আরেক ভারতীয় বাংলা ছবির অভিনেতা, নির্মাতা ও প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বায়োপিক নির্মাণের পাশাপাশি এ ছবিতে সৌমিত্রের তরুণ বয়সের চরিত্রেও অভিনয় করবেন পরমব্রত। মজার ব্যাপার হলো, নিজের বায়োপিকে নিজেই অভিনয় করবেন সৌমিত্র। এমন খবরে ভারতীয় বাংলা ছবির দর্শক বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন।
ভারতীয় বাংলা ছবির অন্যতম প্রধান অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। গত বছর ফ্রান্স সরকার দেশটির সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত করে এ অভিনেতাকে। সৌমিত্রই একমাত্র ভারতীয় অভিনেতা, যিনি প্রথমবারের মতো এ পদক লাভ করেন। সৌমিত্র চ্যাটার্জি অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে চারুলতা, অরণ্যের দিনরাত্রি, অশনি সংকেত, সোনার কেল্লা ইত্যাদি। ২০০৪ সালে সৌমিত্র পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন। তিনি দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডও লাভ করেছেন।
অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায় বাঙালি অভিনেতা হলেও বলিউডের ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম বলিউড ছবি ছিল কাহানি। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। এছাড়া একাডেমি অ্যাওয়ার্ডজয়ী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সোল্ড-এও তিনি অভিনয় করেছেন। সৌমিত্র চ্যাটার্জির মতো শক্তিমান অভিনেতার বায়োপিক নির্মাণকে নিজের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পরমব্রত। যদিও আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, যথার্থভাবে বায়োপিকটি নির্মাণে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
সূত্র: ইন্ডিয়া টুডে










