অজয় দেবগনের শততম চলচ্চিত্র তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়রের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন অখিল ভারতীয় ক্ষত্রিয়।

মারাঠা বীরদের নিয়ে বলিউডে সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্র পানিপথ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে জাট সম্প্রদায়ের পাশাপাশি খোদ এক মন্ত্রীও চলচ্চিত্রটি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে আগামী জানুয়ারিতে মুক্তির অপেক্ষায় থাকা তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র চলচ্চিত্র নিয়ে আইনি ঝামেলা শুরু হয়েছে। ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে ছবিটি নিষিদ্ধের দাবিতে গত শুক্রবার দিল্লির হাইকোর্টে পিটিশন দায়ের করেছে অখিল ভারতীয় ক্ষত্রিয় কোলি রাজপুত সংঘ।

এ সংঘ হাইকোর্টের কাছে করা আবেদনে দাবি করেছে, তানহাজি চলচ্চিত্রের পরিচালক ওম রাউত মহান যোদ্ধা তানাজি মালুসারির প্রকৃত বংশপরিচয় গোপন করেছেন। বিষয়টি গত শুক্রবার আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হলেও বিচারক ছুটিতে থাকায় সেদিন শুনানি হয়নি। পরে আগামী বৃহস্পতিবার এ পিটিশনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

তানহাজি চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে ৩০ বছরের ক্যারিয়ারে ১০০ সিনেমায় অভিনয় করে সেঞ্চুরি করলেন বলিউড সুপারস্টার অজয় দেবগন। নতুন ছবিতে তাকে মারাঠি তানহাজি মালুসারির চরিত্রে দেখা যাবে। তার স্ত্রী সাবিত্রী মালুসারির ভূমিকায় দেখা যাবে বাস্তবের স্ত্রী কাজলকে। সাইফ আলী খানকে প্রধান প্রতিপক্ষ উদয়ভান রাঠো চরিত্রে দেখা যাবে। দীর্ঘ এক যুগ পর বলিউডের দুই হিরো অজয় দেবগন ও সাইফ আলী খান একই পর্দা ভাগ করছেন। এছাড়া তানহাজির গুরুত্বপূর্ণ চরিত্রে জগপথি বাবু ও শারদ কেলকারের মতো তারকাদের দেখা যাবে।

৬ ডিসেম্বর মুক্তি পাওয়া আরেক ঐতিহাসিক চলচ্চিত্র আশুতোষ গোয়ারিকরের পানিপথ নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছে জাট সম্প্রদায়। সেখানে মারাঠা যোদ্ধা সাদাশীব রাও ভাও চরিত্রে অর্জুন কাপুর, তার স্ত্রী পার্বতী বাঈয়ের চরিত্রে কৃতি শ্যানন এবং আফগান নেতা আহমদ শাহ আবদালির চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।

 

সূত্র: ইন্ডিয়া টুডে