এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। জুবায়ের ইবনে বকরের রচনা ও পরিচালনায় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকের নাম ‘ফায়ার ফাইটার: আ সাইলেন্ট হিরো’। এতে ইরফান সাজ্জাদ একজন অগ্নিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন বলে জানালেন পরিচালক। জুবায়ের ইবনে বকর বলেন, ‘নাটকে একজন ফায়ার ফাইটার বা অগ্নিযোদ্ধা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। গল্পে দেখা যাবে, ইরফান নানা সমস্যার মধ্য দিয়ে তার জীবন পার করে। একটা মেয়েকে তিনি ভালোও বাসেন, তার সঙ্গে এক পর্যায়ে বিয়েও ঠিক হয়। কিন্তু দেশের প্রয়োজনে বিয়ের আগের দিন একটি অপারেশনে যেতে হয় ইরফানকে। সেখানে এ অগ্নিযোদ্ধার মৃত্যু হয়। পরবর্তী সময়ে তাকে রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়। একজন অগ্নিযোদ্ধার চরিত্রে ইরফান দুর্দান্ত অভিনয় করেছেন।’ ইরফান সাজ্জাদ বলেন, ‘ফায়ার ফাইটার কাজটি অনেক বছর ধরেই আমাদের করার কথা, গল্পটা জুবায়ের ভাইয়ের। সত্যি বলতে কি, সময় সুযোগ ও বাজেট সব মিলিয়ে ব্যাটে বলে মিলছিল না বিধায় কাজটা করা হয়ে উঠছিল না। ফায়ার ব্রিগেড বা ফায়ার ফাইটার নিয়ে কাজ করতে গত ছয় মাসেরও বেশি সময় জুবায়ের ভাই অনেক সময় দিয়েছেন। কারণ স্ক্রিপ্ট দেখিয়ে অনুমতি নেয়ার বিষয় রয়েছে। আমরা বিভিন্ন ধরনের গল্প নাটকে দেখতে পাই। কিন্তু একজন ফায়ার ফাইটারের সত্যিকারের যে ত্যাগ, তা উঠে আসে না। এতে অভিনয়ের জন্য আমার ওজন কমিয়েছি। একজন ফায়ার ফাইটার সম্পর্কে বিশদ জানার চেষ্টা করেছি। কীভাবে কী করতে হয়, তা যথাযথভাবে জানার চেষ্টা করেছি। মূলকথা একদম আগুন নেভানোর ক্ষেত্রে একজন ফায়ার ফাইটার কতটা চ্যালেঞ্জ ও আত্মত্যাগ নিয়ে কাজ করে, তা তুলে ধরার চেষ্টা করেছি আমরা। আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। বলা যেতে পারে, এটাও আমার একটা সিগনেচার ওয়ার্ক হিসেবে বিবেচিত হতে পারে আগামীতে।’ আগামী ঈদে ফায়ার ফাইটার: আ সাইলেন্ট হিরো নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
উল্লেখ্য, এর আগে ইরফান সাজ্জাদ জুবায়ের ইবনে বকরের পরিচালনায় ‘শুধু তোমারই জন্য’, ‘উড়েছে এ মন’, ‘রোদ বৃষ্টি হুইল চেয়ার’, ‘ওয়ান ওয়ে’, ‘সমাবর্তন’, ‘ভুগিচুগি ফাইন্যান্স’ নাটকে অভিনয় করেছেন। ইরফান জানান, আগামী ঈদে ‘আযান’, ‘গ্যাংস্টার ব্রোস’, ‘সুখ নদীর ওপাড়ে’, ‘নিয়নের শহরে’সহ আরো বেশকিছু নাটকে দেখা যাবে তাকে। এছাড়া হানিফ সংকেতের ঈদ নাটকেও দেখা যাবে ইরফানকে।










