অস্কারের ৯৭তম আসরের চূড়ান্ত মনোনয়ন ঘোষিত হয়েছে গত বৃহস্পতিবার। লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে নির্দিষ্ট দিনের কিছুদিন পর প্রকাশ হলো তালিকা। এবার মনোনয়নে এগিয়ে আছে নেটফ্লিক্সের সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। এছাড়া এ সিনেমার সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করবে ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’।

গোল্ডেন গ্লোবে চমক দিয়েছিল এমিলিয়া পেরেজ। তখন থেকেই সবার ধারণা, অস্কারেও সিনেমাটি ভালো করবে। সে ধারণা বাস্তব প্রমাণিত হলো। অস্কারের চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে বিভিন্ন বিভাগ মিলিয়ে এমিলিয়া পেরেজ ১৩টি মনোনয়ন পেয়েছে। এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা পরিচালক ও সেরা অভিনেত্রী।

বেশকিছু বিতর্ক ছিল এমিলিয়া পেরেজ নিয়ে। কিন্তু চারটি গোল্ডেন গ্লোব জয় করার মধ্য দিয়ে সে সমালোচনা থিতিয়ে যায়। তার পরও সেলেনা গোমেজের চরিত্রের স্প্যানিশ সংলাপের খারাপ পারফরম্যান্স নিয়ে সমালোচনা ছিল। এত কিছুর পরও ‘রোমা’, ‘ক্রাউচিং টাইগার’ ও ‘হিডেন ড্রাগন’কে ছাড়িয়ে গেছে। ইংরেজি ভাষার বাইরের কোনো সিনেমার ক্ষেত্রে এখন পর্যন্ত এমন হয়নি।

19

ব্র্যাডি করবেটের ‘দ্য ব্রুটালিস্ট’ আছে দ্বিতীয় অবস্থানে। পেয়েছে ১০টি মনোনয়ন। এ সিনেমায় এড্রিয়েন ব্রডি ও ফেলিসিটি জোন্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রে আসা হাঙ্গেরিয়ান শরণার্থীদের চরিত্রে অভিনয় করেছেন। সবারই ধারণা ছিল সিনেমাটি অস্কারে আলোচনায় থাকবে। বেশ কয়েকটি পুরস্কারও জিতে নিতে পারি। গোল্ডেন গ্লোবে পুরস্কার জিতে নেয়া এ ছবি সম্প্রতি ডায়ালগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে। যদিও বিতর্কের মধ্যে করবেট তার অভিনয়শিল্পীদের জোরালোভাবে সমর্থন করেন।

উইকেড মনোনীত হয়েছে মূলত দর্শকের কারণে। সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। এবার দেখা যাচ্ছে, অস্কারে মিউজিক্যাল ঘরানার সিনেমাই বেশি। যেমন উইকেডও মিউজিক্যাল। পরিচালক জন এম চুয়ের পাশাপাশি তারকা সিনথিয়া এরিভো ও আরিয়ানা গ্র্যান্ডে ভালো পারফর্ম করেছেন।

দ্বৈতভাবে উইকেড ও এমিলিয়া পেরেজ এ বছর প্রথমবারের মতো দুটি মিউজিক্যাল হয়েও সেরা সিনেমা বিভাগে মনোনীত হয়েছে। একাডেমি অ্যাওয়ার্ড অনুসারে, ১৯৬৮ সালে ‘অলিভার’ ও ‘ফানি গার্ল’ উভয় সিনেমা মনোনয়ন পেয়েছিল। এ বছর ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে।

এর সঙ্গে সম্ভাবনা তৈরি করেছে আরেকটি সিনেমা। কোয়ালি ফাউজেন পরিচালিত ‘দ্য সাবস্ট্যান্স’। এ সিনেমায় অভিনয় করে ডেমি মুর গোল্ডেন গ্লোবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন। ধারণা করা হচ্ছে এ সিনেমা দিয়ে তিনি অস্কারেও সেরা অভিনেত্রী হতে পারেন।

সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে ‘অ্যানোরা’, ‘দ্য ব্রুটালিস্ট’, ‘আ কমপ্লিট আননোন’, ‘কনক্লেভ’, ‘ডুন: পার্ট টু’, ‘এমিলিয়া পেরেজ’, ‘আই অ্যাম স্টিল হিয়ার’, ‘নিকেল বয়েজ’, ‘দ্য সাবস্ট্যান্স’ ও ‘উইকেড’। সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছেন শন বেকার, ব্র্যাডি করবেট, জেমস ম্যানগোল্ড, জ্যাক অডিয়ার্ড ও কোয়ালি ফাউজেন।

সূত্র: ভ্যারাইটি