পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ‘চন্দ্রবিন্দু’। বহু শ্রোতাপ্রিয় গান আছে তাদের। নব্বইয়ের দশক ও ২০০০ সালের সময়টায় যারা বেড়ে উঠেছে, চন্দ্রবিন্দু তাদের জন্য ভালোবাসার নাম। এবার তারা নিয়ে এল ভালোবাসা নয়, ‘টালোবাসা’। এটিই চন্দ্রবিন্দুর নতুন অ্যালবাম। অ্যালবামটি প্রকাশ হতেই রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছেন চন্দ্রবিন্দু ভক্তরা। কেননা ১২ বছর পর এল ব্যান্ডটির নতুন অ্যালবাম।
নতুন এ অ্যালবামে আছে ১০টি গান। এ ১০ গানের অন্যতম হলো ‘গ্যাঁড়াকল’, ‘কেরানি’, ‘প্রধানমন্ত্রী’, ‘বায়নাখোকা’, ‘আমার জানালা দিয়ে’, ‘বিকেল’ ইত্যাদি। চন্দ্রবিন্দু সবসময়ই একটু ভিন্ন ধারার গান রচনা করে। গায়কিতেও থাকে মজা। নাম দেখেই বোঝা যায়, এবারো সে ধারায়ই আছে ব্যান্ডটি।
যুগের সঙ্গে তাল মিলিয়ে সে অ্যালবামের রেকর্ড ছাড়াও অনলাইনে বিভিন্ন প্লাটফর্মে মুক্তি দেয়া হয়েছে। উপল, অনিন্দ্য, চন্দ্রিলদের এ নতুন অ্যালবাম ইউটিউবে তো শোনা যাচ্ছেই, সঙ্গে অ্যাপল মিউজিক ও স্পটিফাইয়েও শোনা যাচ্ছে। ক্যাসেট বেরিয়েছে মাত্র ৩০০ কপির মতো।
শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশেও রয়েছে চন্দ্রবিন্দুর অসংখ্য ভক্ত। প্রিয় ব্যান্ডের নতুন অ্যালবাম পেয়ে তাই উচ্ছ্বসিত বাংলাদেশী ভক্তরাও।










