আজ মহান বিজয় দিবস। এ উপলক্ষে রাজধানীর ঢাকায় কনসার্ট করবে সবার আগে বাংলাদেশ নামের একটি সংগঠন। ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এ কনসার্টের আয়োজন করা হয়েছে। এর আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর ১২টা থেকে। কনসার্টে অংশগ্রহণ করবেন দেশের ২৩ খ্যাতনামা সংগীতশিল্পী। কনসার্টের সর্বশেষ আকর্ষণ হিসেবে থাকবেন নগর বাউলখ্যাত সংগীতশিল্পী জেমস। তথ্যগুলো জানিয়েছেন সবার আগে বাংলাদেশ কনসার্ট উদযাপন কমিটির সদস্য এহ্সান মাহ্মুদ।
এ কনসার্ট উপলক্ষে গত সপ্তাহে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সবার আগে বাংলাদেশ সংগঠনটি। সংগঠনের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী জানিয়েছেন, কনসার্টে এককভাবে গাইবেন বিশিষ্ট সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
এছাড়া ব্যান্ড নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস সংগীত পরিবেশন করবে।
মূলত বিএনপির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় সবার আগে বাংলাদেশ সংগঠনটি গড়ে উঠেছে।
শহীদ উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমরা বিজয় কনসার্ট উদ্যাপন করব সর্বজনীনভাবে। সবার আগে বাংলাদেশ একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমরা দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ, ছাত্র, যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।’
সংবাদ সম্মেলনে শহীদ উদ্দিন চৌধুরী আরো বলেন, ‘বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।’
সংগঠকরা জানান, বিজয় কনসার্টে দেশের বাইরে থেকে কোনো শিল্পী আনা হবে না। দেশের খ্যাতিমান সংগীতশিল্পীদের নিয়েই এটি উদ্যাপন হবে।










