আগামীকাল দেখা যাবে সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত নয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রদর্শনী শেষে দর্শকের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন এসব চলচ্চিত্রের নির্মাতা ও কলাকুশলীরা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সংস্কারের জন্য গঠিত জাতীয় সার্চ কমিটির আয়োজন ও জাতীয় ফিল্ম আর্কাইভের সহযোগিতায় হচ্ছে এ আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, গত বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের দ্বিতীয় তলার প্রজেকশন হলে দেখা যাবে নয় তরুণ নির্মাতার এ ছোট সিনেমাগুলো ।
স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো প্রদর্শনের ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ফিল্ম আর্কাভের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান বণিক বার্তাকে বলেন, ‘তরুণ নির্মাতারা যে স্বল্পদৈর্ঘ্য নয়টি সিনেমা নির্মাণ করেছেন, এগুলো ১১ ডিসেম্বর আমাদের ফিল্ম আর্কাইভে প্রদর্শন করবে এবং দর্শক ফ্রিতে সিনেমাগুলো দেখতে পারবে। আমরা এ ব্যাপারে তাদের সহযোগিতা করব।’
জানা যায়, আয়োজনে দেখানো হবে লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও মেহেদি হাসান নির্মিত ‘আ বোরিং ফিল্ম’, বুসান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের নানা বড় উৎসব ঘুরে আসা আরিক আনাম খানের ‘ট্রানজিট’, বিসিটিআই প্রযোজিত ও আখতারুজ্জামান ইলিয়াসের গল্পের ভাব অবলম্বনে নির্মিত দেবাশীষ দাসের ‘নিরুদ্দেশ যাত্রা’, তাসমিয়াহ আফরিন মৌয়ের আলোচিত স্বল্পদৈর্ঘ্য ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’, শাটিকাপখ্যাত নির্মাতা তাওকির শাইকের স্বল্পদৈর্ঘ্য ‘আয়না’, গোলাম রাব্বানীর পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য ‘ছুরত’, তরুণ প্রযোজক হাসিব শাকিল প্রযোজিত ও জায়েদ সিদ্দিকী পরিচালিত ‘দাঁড়কাক’ এবং তরুণ নির্মাতা আল হাসিব খান আনন্দ নির্মিত ‘ব্রিদিং ইজ আ গিফট’।
এছাড়া এ প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো প্রিমিয়ার হবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ও তিনটি অস্কার কোয়ালিফায়িং উৎসবে প্রশংসা কুড়ানো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট আ ফিকশন’, যা নির্মাণ করেছেন তরুণ নির্মাতা শাহনেওয়াজ খান সিজু।
আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিশেষ এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত এবং সিনেমাগুলো উপভোগ করতে কোনো টিকিট কিনতে হবে না।










