টেলিভিশন চ্যানেল, ইউটিউব থেকে শুরু করে ওটিটি প্লাটফর্ম—সবখানেই মুক্তি পাচ্ছে নতুন নতুন সিনেমা, নাটক, ওয়েব ফিল্ম ও গান। ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিতে পর্দার এসব খবর নিয়ে আমাদের এ আয়োজন।
টিভিতে ঈদের সিনেমা
ঈদের দিনগুলোতে ঘরে বসে বিনোদন পেতে দর্শকদের জন্য চ্যানেলগুলো প্রচার করবে বেশকিছু নতুন সিনেমা। ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীলচক্র’। ঈদের দ্বিতীয় দিন একই সময়ে একই চ্যানেলে থাকছে শাকিব খান ও তাসনিয়া ফারিণ অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন বিকাল ৪টা ২০ মিনিটে প্রচার হবে রওশন ও বুবলী জুটির ‘সর্দারবাড়ির খেলা’।
ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে মেহজাবীন চৌধুরী ও মোস্তফা মনওয়ার অভিনীত সিনেমা ‘সাবা’। একই দিন সকাল ১০টা ১০ মিনিটে বাংলাভিশনে দেখা যাবে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘দাগি’। এছাড়া মাছরাঙা টেলিভিশনে বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে জাহিদ হাসান, জয়া আহসান ও চঞ্চল চৌধুরীর ছবি ‘উৎসব’।
ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে থাকছে আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘টগর’। পঞ্চম দিন একই সময়ে একই চ্যানেলে দেখা যাবে জয়া আহসানের ‘জয়া আর শারমিন’। এছাড়া এটিএন বাংলায় বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে মামনুন ইমন ও সুস্মি রহমানের ‘ময়নার চর’। উৎসবের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে ইরেশ যাকের অভিনীত ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি প্রচার হবে।
ছোট পর্দার নাটক ও টেলিছবি
ঈদের প্রথম তিনদিন টেলিভিশন চ্যানেলগুলোতে থাকছে জনপ্রিয় তারকাদের নাটক ও টেলিছবির বিশেষ আয়োজন।
ঈদের দিন: বিটিভিতে রাত ৯টায় প্রচার হবে নাটক ‘টিকটক বউ’। এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে মুশফিক ফারহানের নাটক ‘এই নিয়ে সংসার’ এবং রাত ১১টায় ফারহান ও কেয়া পায়েলের টেলিফিল্ম ‘অপেক্ষার পরে’ দেখা যাবে। চ্যানেল আইতে বিকাল ৪টা ৩০ মিনিটে জোভান ও তটিনীর টেলিছবি ‘তোমাদের গল্প ২’ এবং সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আফজাল হোসেনের ধারাবাহিক ‘কিশোরগঞ্জের কিশোর দল’ প্রচার হবে।
এনটিভিতে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে মোশাররফ করিমের ‘জামাই বেশি বোঝে’ এবং আরটিভিতে রাত ৮টা ৩০ মিনিটে মোশাররফ করিম ও হিমির ‘জামাই কার?’ নাটকটি দেখা যাবে। বাংলাভিশনে রাত ৯টা ২৫ মিনিটে নিলয় আলমগীর ও হিমির ‘তিন চাকার সংসার’ এবং মাছরাঙা টেলিভিশনে চঞ্চল চৌধুরীর ‘লাভ স্টেশন’ ও মোশাররফ করিমের ‘আদরের দুলাভাই’ প্রচার হবে। দীপ্ত টিভিতে রাত ১০টায় থাকছে আরশ খানের ‘সারাবেলা’ এবং নাগরিক টিভিতে রাত ৮টায় থাকছে ‘দয়াল দস্তগীর’।
ঈদের দ্বিতীয় দিন: এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে ইরফান সাজ্জাদের ‘পুনরাবৃত্তি’ প্রচার হবে। চ্যানেল আইতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চঞ্চল চৌধুরীর ‘নামে নামে প্রেমে টানে’ এবং ৯টা ৩৫ মিনিটে খায়রুল বাসারের ‘অপরাজিতা’ নাটকটি দেখা যাবে। এনটিভিতে রাত ৯টা ১০ মিনিটে মুশফিক ফারহানের ‘ছুঁয়ে দে আমায়’ এবং আরটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে নিলয় ও তানিয়া বৃষ্টির ‘শূন্যের সংসার’ প্রচার হবে।
বাংলাভিশনে রাত ৭টা ৪৫ মিনিটে থাকছে নিলয় ও নীলাঞ্জনা নীলার ‘মন আমার’। মাছরাঙা টিভিতে রাত ৮টায় ফারহানের ‘হয়নি বলা’ নাটকটি দেখা যাবে। দীপ্ত টিভিতে রাত ১০টায় মোশাররফ করিমের ‘কিপ্টে কারে কয়’ এবং নাগরিক টিভিতে রাত ৮টায় খায়রুল বাসারের ‘আমাকে দুঃখ দিও না’ নাটকটি প্রচারিত হবে।
ঈদের তৃতীয় দিন: এটিএন বাংলায় রাত ৮টা ৫০ মিনিটে মোশাররফ করিম ও হিমির ‘মামাতো বোন যখন বউ-২’ এবং চ্যানেল আইতে রাত ৭টা ৫০ মিনিটে একই জুটির ‘চমকের শহর’ নাটক দুটি প্রচার হবে। এছাড়া চ্যানেল আইতে রাত ৯টা ৩৫ মিনিটে খায়রুল বাসার ও তটিনীর ‘লাভ গেম’ দেখা যাবে। এনটিভিতে রাত ৯টা ১০ মিনিটে খায়রুল বাসারের ‘ভটভটি’ এবং আরটিভিতে রাত ৯টা ৩০ মিনিটে একই অভিনেতার ‘সরল জটিলতা’ নাটকটি প্রচারিত হবে।
বাংলাভিশনে বেলা ২টা ১০ মিনিটে নিলয় ও তাসনুভা তিশার টেলিফিল্ম ‘ডাবল ট্রাবল’ এবং মাছরাঙা টিভিতে রাত ৮টায় নিলয় ও সামিরা খান মাহির ‘হঠাৎ কোটিপতি’ নাটকটি দেখা যাবে। দীপ্ত টিভিতে রাত ১১টা ১০ মিনিটে তৌসিফ ও তটিনীর ‘শেষ ঘুম’ এবং নাগরিক টিভিতে রাত ৮টায় আরশ খানের ‘দাওয়াত রইল’ নাটকটি প্রচার হবে।
ওটিটি প্লাটফর্মের আয়োজন
ঈদের অলস সময়ে ঘরে বসে বিনোদনের জন্য ওটিটি প্লাটফর্মগুলোতেও এসেছে নতুন সিনেমা ও সিরিজ। ওটিটি প্লাটফর্ম ‘হইচই’-এ দেখা যাচ্ছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’, যাতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরীসহ আরো অনেকে। প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্লাটফর্ম ‘চরকি’-তে এসেছে আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘দম’।
এছাড়া ওটিটি প্লাটফর্ম ‘উৎসবে’ শাকিব খানের ‘প্রিন্স’ এবং সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ দেখা যাচ্ছে। সাদিয়া ইসলাম মৌ অভিনীত মনস্তাত্ত্বিক চলচ্চিত্র ‘সারার সংসার’ এসেছে ‘আইস্ক্রিন’-এ। দুই বাংলার মানুষের প্রেমের গল্প নিয়ে তৈরি ওয়েব ফিল্ম ‘তাজমহল’ দেখা যাচ্ছে ‘বঙ্গ’-তে। এ প্লাটফর্মেই ঈদের চতুর্থ দিন থেকে দেখা যাবে খায়রুল বাসার ও নাসিরউদ্দিন খান অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘মুখোশ মুখো’।
ঈদের নতুন গান
এ ঈদে শ্রোতাদের জন্য প্রকাশ পাচ্ছে একগুচ্ছ নতুন গান। এর মধ্যে অন্যতম বড় আকর্ষণ হলো দীর্ঘ ২৩ বছর পর আবারো কায়ার সঙ্গে হাবিব ওয়াহিদের নতুন গান ‘কই রইলা রে’। হাবিবের নিজের ইউটিউব চ্যানেলে এ গানটি প্রকাশ পাবে। সংগীতশিল্পী বালাম নিয়ে আসছেন তার ‘মাওলা’ গানের নতুন মিউজিক ভিডিও। ইমরান মাহমুদুল নিজের ইউটিউব চ্যানেলে নিয়ে আসছেন নতুন গান ‘মন বুঝলা না’। অবন্তী সিঁথি ও অমিত দের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘প্রেম’ শিরোনামের নতুন গান।
ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশ পেয়েছে আসিফ আকবর ও রুবাইয়াত জাহানের গান ‘রূপসী শ্রীমঙ্গল’। কোনাল ও মাহতিম সাকিবের কণ্ঠে প্রকাশ পেয়েছে ‘প্রেমকাহিনি’। এছাড়া মোহাম্মদ মিলন ও মার্জিয়া বুশরা রোদেলা প্রথমবারের মতো একসঙ্গে গেয়েছেন ‘কান পেতে শোন’। গায়িকা লিজা নিয়ে আসছেন ‘তোমার রোদেলা আকাশে’ এবং দীর্ঘ তিন বছর পর চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নিয়ে এসেছেন ফুয়াদ আল মুক্তাদীরের সুর ও সংগীতে নতুন গান ‘লোকে বলে’। নোয়াখালীর আঞ্চলিক ভাষায় ঐশীর গাওয়া গান ‘নোয়াখাইল্লা মাইয়া’ এবারের ঈদের অন্যতম আকর্ষণ।










