স্ক্রিম নামের সিনেমা ফ্র্যাঞ্চাইজে অভিনয় করেছিলেন জেনা ওর্তেগা। ২০২২ সালে সিনেমাটি মুক্তি পায়। এরপর তার চালিয়ে যাওয়ার কথা ছিল এ সিরিজ। কথা উঠেছিল তিনি পারিশ্রমিক-সংক্রান্ত জটিলতা ও শিডিউলের কারণে সিনেমা ছাড়ছেন। কিন্তু সম্প্রতি কাট ম্যাগাজিনের সঙ্গে কথা বলতে গিয়ে জেনা জানালেন বাস্তবতা ভিন্ন। পুরনো সহকর্মীদের বাদ পড়ার কারণে তিনি সিনেমায় থাকছেন না।
সিনেমায় না থাকা নিয়ে জেনা ওর্তেগা বলেন, ‘শিডিউল বা পারিশ্রমিক নিয়ে কোনো আপত্তি নেই আমার। মূলত যে টিমের সঙ্গে আমি কাজ করেছিলাম তাদের অনুপস্থিতি মানতে পারছি না। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির সপ্তম সিনেমাটি যদি আমার পছন্দের মানুষের সঙ্গে না হয় তাহলে কেন করব। আর আমার মনে হয়েছে, এ সিনেমায় এখন এভাবে অভিনয় করা আমার ক্যারিয়ারের জন্যও ভালো হচ্ছে না।’
কথা বলতে গিয়ে জেনা ওর্তেগা ‘মেলিসা স্টাফ’ প্রসঙ্গ তুলেছেন। এ কথার মাধ্যমে মূলত মেলিসা বারেরার কথা বলা হয়েছে। ইসরায়েল-ফিলিস্তিন প্রসঙ্গ নিয়ে তার করা মন্তব্যের কারণে তাকে বাদ দেয়া হয় সিনেমা থেকে। মেলিসাকে বাদ দেয়ার পরের দিনই জেনা এ ঘোষণা দেন। দ্য কাটের সঙ্গে ওর্তেগার কথা থেকেই বোঝা গেছে এ ঘটনাই সত্যি।
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার সমালোচনা করেছিলেন বারেরা। এর পরপর সিনেমার প্রযোজকরা বিষয়টিকে ‘ঘৃণা ছড়ানো’ অভিহিত করে অভিনেত্রীকে সিনেমা থেকে বাদ দেয়। এ ঘটনায় আহত হয়েছিলেন সিনেমার নির্মাতা ক্রিস্টোফার লন্ডনও। তিনি এক মাস পর সিনেমাটি ছাড়ার কথা ঘোষণা করেন। তিনি জানান, ভালোবাসার কাজটি এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সিনেমায় যুক্ত সবাইকে ছেড়ে যেতে তিনি কষ্ট পাচ্ছেন—সে কথাও বলেছিলেন।
ফ্র্যাঞ্চাইজি ছাড়া নিয়ে ওর্তেগার মধ্যে দুঃখবোধ আছে তাও বোঝা যায়। তিনি বলেন, ‘আমি অনেক ফ্র্যাঞ্চাইজিতেই যুক্ত হয়েছি। কিন্তু এক্ষেত্রে মনে হচ্ছিল কেন এখানে আছি। তারপর ছাড়তেই হলো। তবে নতুন নির্মাতারা এসে ভালো কাজ করবেন সেই আশা করি।’
সূত্র: দ্য হলিউড রিপোর্টার










