বিশাল ভরদ্বাজ উপহার দিয়েছেন বেশকিছু জনপ্রিয় ও সমালোচক প্রশংসিত সিনেমা। এর মধ্যে কোনোটি সুপারহিট, কোনোটি কম আলোচিত। বক্স অফিসে ভালো না করলেও তার কামিনে দর্শকের কাছে প্রিয়। সম্প্রতি এ সিনেমার ১৬ বছর পূর্তি উপলক্ষে এটি নিয়ে অনেকেই পোস্ট করেছেন। অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াও তার অভিজ্ঞতা ও ভালো লাগা প্রকাশ করেছেন। সুইটি ভোপে চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে দৃশ্য ও স্ক্রিন টাইম ছিল খুবই অল্প। তিনি জানান, বিশাল ভরদ্বাজ তাকে এ চরিত্রে অভিনয়ের জন্য বিশেষভাবে অনুরোধ করেছিলেন।
প্রিয়াংকা জানান, তিনি যখন মায়ামিতে পরিচালক তারুণ মনসুখানির ‘দোস্তানা’র (২০০৯) শুটিংয়ে ব্যস্ত, তখন বিশাল ভরদ্বাজ হঠাৎ তাকে ফোন করেন। এ ফোনকল তাকে অবাক করে। কারণ প্রিয়াংকা ভাবতেই পারেননি যে এমন একজন ‘কমার্শিয়াল অভিনেত্রী’কে বিশাল কখনো ডাকবেন। তবে প্রিয়াংকা অনেক দিন ধরেই বিশালের সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করছিলেন। প্রিয়াংকা লেখেন, ‘তিনি (বিশাল) বললেন, তিনি আমার সঙ্গে দেখা করতে চান এবং সত্যিই এলেন মায়ামিতে। তিনি যখন গল্পটা বলছিলেন, আমি বলেছিলাম, ‘‘এতে তো আমার মাত্র আটটা দৃশ্য।’ তখন তিনি বললেন, ‘‘আমরা একসঙ্গে কাজ করলে এটা অনেক বড় কিছু হয়ে উঠবে। বিশ্বাস রাখো।’’ আর আমি বিশ্বাস করেছিলাম।’
সে সময়ের স্মৃতিচারণ করে প্রিয়াংকা জানান, বিশাল তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এ সিনেমায় অভিনয় করলে পরবর্তী সময়ে প্রিয়াংকাকে নিয়ে তিনি আরো বড় পরিসরের কোনো কাজ করবেন। তবে প্রিয়াংকার ইচ্ছা ছিল বিশালের সঙ্গে কাজ করার। তিনি লেখেন, ‘সত্যি বলতে, আমি শুধু তার সঙ্গে কাজ করতে লোভে পড়ে গিয়েছিলাম।’ তবে এতে ভালোই হয়েছিল। কয়েক বছর পর প্রিয়াংকাকে কাস্ট করে বানিয়েছিলেন সাত খুন মাফ।
প্রিয়াংকা কামিনেকে তার ক্যারিয়ারের একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখেন। সেই সঙ্গে বিশাল ভরদ্বাজেরও অনেক প্রশংসা করেছেন। তিনি লেখেন, ‘আমি বিশাল ভরদ্বাজ স্যারের কাছ থেকে শিখেছি কীভাবে চরিত্রের জন্য গবেষণা করতে হয়, প্রস্তুতি নিতে হয় আর তারপর নিজেকে পুরোপুরি চরিত্রের হাতে সঁপে দিতে হয়।’
প্রিয়াংকার এ পোস্টের বরাতে ভরদ্বাজ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পুরনো ঘটনা স্মরণ করেন। একদিন প্রিয়াংকা যখন খারাপ মুডে ছিলেন, তখন তিনি একটি ন্যাপকিনে হাতে লেখা কবিতা দিয়ে তার মন ভালো করার চেষ্টা করেন। প্রিয়াংকাকে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম প্রিয় সহকর্মী বলেও উল্লেখ করেন। তিনি লেখেন, ‘প্রিয়াংকা চোপড়া, বলো তো, কতটা মিস করি সে দিনগুলো! তুমি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সহযোগী ছিলে। মনে আছে একদিন তুমি রাগ করেছিলে, আমি তখন একটা ন্যাপকিনে হাত দিয়ে লিখে তোমাকে একটা কবিতা পাঠিয়েছিলাম।’
এ পোস্টে প্রিয়াংকা উত্তরে লেখেন, ‘হাহা, আপনি কী ভাবেন, কেউ আপনার ওপর রাগ করতে পারে, বিশাল ভরদ্বাজ? আসুন দেখা হোক একদিন!’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










