বছর শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে বাতাসে বইছে নতুন বছরের আগমনী বার্তা। বিজয়ের মাস ডিসেম্বর প্রায় শেষ হতে চলল। এ মাসের শেষের দিকে মুক্তি পায় মেহজাবীনের ‘প্রিয় মালতী’ সিনেমাটি। এরই মধ্যে বছরের শেষ দিকে এসে মুক্তি পেল জয়া আহসান অভিনীত সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা নকশী কাঁথার জমিন।

আকরাম খান পরিচালিত এ সিনেমা দেশের সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। গতকাল স্টার সিনেপ্লেক্সসহ রাজধানী, চট্টগ্রাম, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

এরই মধ্যে রয়েছে বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার (ঝিগাতলা), সনি স্কয়ার (মিরপুর), স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ)।

মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যানের নকশা তোলে নকশী কাঁথার জমিনে। বিজয়ের মাসকে ঘিরে তাই সিনেমাটি দর্শকের সামনে নিয়ে এলেন ‘খাঁচা’খ্যাত নির্মাতা আকরাম খান।

অভিনেত্রী জয়ার প্রত্যাশা, প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক সিনেমাটি দেখবে এবং তাদের ভালোবাসা জানাবে।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এ সিনেমায়। এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান ও ফারিহা শামস সেঁওতি।

এছাড়া সিনেমাটিতে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরো দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।