বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে হামলা হয়েছিল। তিনদিন আগে গভীর রাতে তার বাড়িতে প্রবেশ করে এক দুষ্কৃতকারী। এরপর তার সঙ্গে সাইফের হাতাহাতি হয় এবং লোকটি সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এবার একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। এর আগে দুজনকে গ্রেফতার করা হলেও তাদের বিরুদ্ধে অভিযোগ ধোপে টেকেনি। এরপর পুলিশ গতকাল একজনকে আটক করেছে। তার নাম শরিফুল ইসলাম শেহজাদ। পুলিশ জানাচ্ছে আটককৃত ব্যক্তি বাংলাদেশী। সে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে।

গতকাল সকালে মুম্বাই পুলিশ একটি সংবাদ সম্মেলন করে। তারা জানায়, বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মূল সন্দেহভাজনকে গত রোববার সকালে গ্রেফতার করেছে পুলিশ। অভিনেতার বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের কাসারভাদাভালিতে হিরানন্দানি এস্টেট এলাকা থেকে আজ সকালে গ্রেফতার করা হয়েছে। ৩০ বছর বয়সী ওই ব্যক্তির প্রকৃত নাম মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ বলে ধারণা পুলিশের।

মুম্বাই পুলিশের ডিসিপি গেদাম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশী এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর তিনি নিজের নাম পরিবর্তন করেন। নিজেকে বর্তমানে তিনি বিজয় দাস হিসেবে পরিচয় দিয়েছেন। পাঁচ থেকে ছয় মাস আগে মুম্বাই আসেন তিনি। কিছুদিন মুম্বাইয়ে ছিলেন, তারপর মুম্বাইয়ের আশপাশে ছিলেন। অভিযুক্ত একটি হাউজকিপিং এজেন্সিতে কাজ করতেন।’

মুম্বাই পুলিশের মতে, লোকটি ডাকাতির উদ্দেশ্যেই বান্দ্রায় ‘সদগুরু শরণ’ ভবনে প্রবেশ করেছিলেন। এছাড়া সে ভারতীয় নাগরিক হওয়ার দাবি প্রমাণ করতে পারেনি। তার কাছে সে ধরনের কোনো নথিপত্র ছিল না।

তবে সাইফ আলী খানের ওপর হামলা হওয়া ও এর পূর্বাপর নিয়ে নানা প্রশ্ন উঠছে। প্রথমত এমন একটি হাই প্রোফাইল এলাকায় সাইফের মতো অভিনেতার আবাসের নিরাপত্তার অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়া একজন ব্যক্তি কেমন করে এত কিছু করে ফেলে, তা-ও প্রশ্নের মুখে পড়ছে। যদিও নিজের জবানবন্দিতে কারিনা জানিয়েছেন, লোকটি খুবই আগ্রাসী ছিল। কিন্তু সে যাই হোক, মুম্বাই পুলিশ বলছে, গ্রেফতার হওয়া ব্যক্তি সেবারই প্রথম ওই বাড়িতে ঢুকেছে। প্রথমবার ঢুকেই এভাবে সাইফের ঘরে প্রবেশ করাও সন্দেহজনক।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া