ক্যাপ্টেন আমেরিকার পোশাক গায়ে দিয়েছেন অভিনেতা অ্যান্টনি ম্যাকি। ক্রিস ইভান্সের পর এবার তিনি আসছেন অ্যাভেঞ্জার্সের অধিনায়ক হয়ে। ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ মুক্তি পাবে ১৪ ফেব্রুয়ারি। তবে সম্প্রতি তার একটি কথা নিয়ে উঠেছে সমালোচনা। ম্যাকি জানাচ্ছেন, তিনি একজন গর্বিত আমেরিকান।

নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ম্যাকি। তিনি লেখেন, ‘একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন মনে করি। একজন আমেরিকান হিসেবে আমি গর্বিত। ক্যাপ্টেন আমেরিকার মতো একজন সুপারহিরোর ঢাল হাতে নেয়া আজীবনের একটা সম্মান। যারা এ দেশের জন্য লড়েছেন, তাদেরও আমি সম্মান করি। ক্যাপ্টেন আমেরিকার চরিত্রের সঙ্গে আপনারা অনেকেই সেই নায়কদেরও মেলাতে পারবেন।’

এর আগে রোমে এক সাক্ষাৎকারে ম্যাকি বলেছিলেন, ‘ক্যাপ্টেন আমেরিকার মধ্যে অনেক কিছু আছে, তবে সেটা কেবল আমেরিকার প্রতিনিধিত্ব করে না।’ বিষয়টিকে অনেকে ভুল বুঝেছেন।

ম্যাকি আসলে বলতে চেয়েছেন, ক্যাপ্টেনকে কেবল আমেরিকার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তিনি বলেন, ‘গল্পটা এমন একজন মানুষের, যিনি বিশ্বের সবার জন্য ভাবেন। সবাইকে নিরাপদে রাখতে চান। তার যেমন সম্মান আছে, তেমনি আছে বোধশক্তি ও কোনোকিছু করার সামর্থ্য। ক্যাপ্টেনের ওপর যে কেউ নির্ভর করতে পারে।’

২০১৯ সালে মুক্তি পাওয়া এন্ডগেমের মধ্য দিয়ে স্টিভ রজার্সের চরিত্রটি সিনেমা বা গল্প থেকে সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। কেননা তিনি দ্রুত বুড়িয়ে গেছেন সময়ের পরিক্রমায়। তিনিই স্যাম উইলসনের হাতে ঢাল নিয়ে যান।

এবার নতুন সিনেমাটিতে ক্যাপ্টেনকে নতুন রূপে দেখা যাবে। ক্যাপ্টেনের গায়ের রঙের পাশাপাশি গল্পেও বদল আসছে। সিনেমাটিতে ম্যাকির পাশাপাশি অভিনয় করছেন হ্যারিসন ফোর্ড, সেথ রোলিন্স, রোজা সালাজার প্রমুখ।

সূত্র: ভ্যারাইটি